২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাট মন্ত্রণালয় বিজেএমসির ‘খপ্পরে’: অর্থমন্ত্রী

পাট পণ্যের প্রসার অর্থ মন্ত্রণালয় আটকে রেখেছে বলে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অভিযোগের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ওই মন্ত্রণালয় বিজেএমসির ‘খপ্পরে’ পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 05:12 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

পাটকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) বন্ধ করে দেওয়া উচিৎ বলে মনে করেন অর্থমন্ত্রী।

কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিলেও পাটজাত দ্রব্যকে সেই সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় জন্য অর্থ মন্ত্রণালয়কে দুষছেন মির্জা আজম।

পাট দিবসের আগে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “মাননীয় অর্থমন্ত্রী, তিনিই আসলে পাটের বিরোধী। তার কাছে পাটের কিছু গেলেই মানসিকভাবে তিনি মনে হয় এটা অপছন্দ করেন। যার কারণে তার কর্মকর্তারা পাটকে কৃষি পণ্যের তালিকায় তুলতে টালবাহানা করছেন।”

তিনি আরও বলেন, “আমাদের পাটের বিরুদ্ধে বিশ্ব ব্যাংক, আইএমএফ ও আমাদের দেশের ভেতরেও অনেক ষড়যন্ত্র আছে। আমার বিশ্বাস, বিশ্ব ব্যাংকের কিছু প্রেতাত্মা আমাদের অর্থ মন্ত্রণালয়ে এখনও বসে আছে।”

দুদিন পর পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তার সুরাহা করার আহ্বান জানান।

বুধবার সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির প্রকাশিত সাময়িকী ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী মুহিত।

তিনি বলেন, “এটা তার (মির্জা আজম) ব্যক্তিগত অভিমত, সেটার উপর আমি কোনো মন্তব্য করতে চাই না।”

এই প্রসঙ্গে তিনি বলেন, “অসুবিধা যেটা আমাদের হয়, পাটকে আমরা প্রসার করতে চাই, কিন্তু প্রক্রিয়াটা ভালো যাচ্ছে না।

“এই প্রক্রিয়ায় তার (বিজেএমসি) এক্সিটেন্সের কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। বিজেএমসির কোনো জায়গা নেই। আমরা বলেছি পিপিপি প্রজেক্ট অনুসরণ করতে, হোয়াট দ্য ব্লাডি হেল বিজেএমসি, ইট শ্যুড বি অ্যাবোলিশড।”

Image
এই অনুষ্ঠানেই অর্থ মন্ত্রণালয়ের দিকে অভিযোগের তীর ছুড়েছিলেন মির্জা আজম

এই অনুষ্ঠানেই অর্থ মন্ত্রণালয়ের দিকে অভিযোগের তীর ছুড়েছিলেন মির্জা আজম

স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো নিয়ন্ত্রণ, পরিদর্শন ও সমন্বয়ের লক্ষ্যে বিজেএমসি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পাটজাত পণ্য উৎপাদন করে রপ্তানি করা এবং কৃষকদের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করা এর প্রধান লক্ষ্য।

বিজেএমসি বন্ধ করে পাট মন্ত্রণালয়ের অধীনে একটি ‘সমন্বয় সেল’ গঠনের পক্ষে মত জানিয়েছেন মুহিত।

তিনি বলেন, “এটা অফিসিয়ালি তাদের বলেছি, বাট দে ডু নট অবলাইজড। তারা বিজেএমসির খপ্পরে পড়েছে।”

পাট কিনতে বিজেএমসিকে যথাসময়ে সরকারি অর্থ বরাদ্দ পায় না বলে অভিযোগ বহু দিনের। বেসরকারি পাটকলগুলোকে সুবিধা দিতে সরকারি সংস্থা বিজেএমসিকে অকার্যকর করে রাখা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।  

অর্থমন্ত্রী বলেন, “ইনিশিয়ালি যখন বিজিএমসি হল, তখন কয়েক হাজার টাকা দিয়েছি, তারপর প্রত্যেক বছরে ৪০০ বা ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরও তারা আনস্যাটিসফাইড, হাংরি অ্যাবাউট মানি।”

বিজেএমসির ব্যবস্থাপনা পদ্ধতির সমালোচনা করে মন্ত্রী বলেন, “ম্যানেজমেন্ট ইজ হরিবল এন্ড দ্যাটস হোয়াই আই ডিজলাইক ইট। পাটকে এগিয়ে নেওয়ার জন্য ফার্স্ট পরামর্শ হল অ্যাবোলিশ দ্য বিজেএমসি।”

পুরনো খবর:

পাটের অগ্রযাত্রায় অন্তরায় অর্থ মন্ত্রণালয়: পাট প্রতিমন্ত্রী