সাড়ে ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন
চলতি বছর আটটি দেশ থেকে ১৪ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৪৫ কোটি ২১ লাখ টাকার জ্বালানি তেল আমদানি করা যাবে।
জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তেল আমদানির দর পরে নির্ধারণ করবে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আটটি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গ্যাস অয়েল, ফার্নেস অয়েল এবং জেট এ-১ আমদানি করবে।
“গ্যাস অয়েল কেনা হবে ১০ লাখ ৯০ হাজার মেট্রিক টন। এছাড়া এক লাখ ১০ হাজার টন জেট এ-১ এবং দুই লাখ ৬০ হাজার টন ফার্নেস ওয়েল আমদানি করা হবে।”
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন, মালয়েশিয়ার পিটিএলসিএল, ফিলিপাইনের পেনক এক্সপ্লোরেশন করপোরেশন, ভিয়েতনামের পেট্রোলিমেক্স, আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (এনক), চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বুমি সিয়াক এবং থাইল্যান্ডের পিটিটিটি কোম্পানি থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার।
