দক্ষ জনবলের অভাবে বাংলাদেশ হারায় ‘৬০০ কোটি ডলার’
কারিগরি ক্ষেত্রে দক্ষ জনবলের অভাবে বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৬০০ কোটি ডলার চলে যাচ্ছে বলে হিসাব দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার “বাংলাদেশের গ্রামাঞ্চলে উদ্যোক্তা তৈরি” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজনে শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান হয়।
শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশ প্রতিবছর প্রায় ২০ লাখ শিক্ষিত তরুণ চাকরির বাজারে আসছে, অথচ নন-টেকনিক্যাল চাকরির বাজার খুব সীমিত। প্রতি দুই হাজার আবেদনের বিপরীতে চাকরির সংখ্যা মাত্র ১টি।
“অন্যদিকে কারিগরি পদে কর্মসংস্থানের সুযোগ থাকলেও উপযুক্ত কারিগরি শিক্ষিত ডিগ্রিধারী প্রার্থীর খুব সঙ্কট রয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে স্কিল্ড (দক্ষ) জনবল খাতে প্রতিবছর প্রায় ৬০০ কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে।”
এই ক্ষতি কাটিয়ে উঠতে কারিগরি শিক্ষার প্রসারের উপর জোর দেন আমু।
ফাইল ছবি
অনুষ্ঠানে ডেফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান কারিগরিকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার সুপারিশ করেন।
তিনি আরও বলেন, “এখন আমাদের বেশ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। কিন্তু ব্র্যান্ডিং নেই। অথচ আমাদের পণ্য বিদেশিরা নিয়ে ব্র্যান্ডিং করে পণ্যের মূল্য বৃদ্ধি করছে।”
অনুষ্ঠানে পিকেএসএফ সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, আগে তারা ক্ষুদ্র ঋণ দিলেও এখন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার পর তাকে অর্থ দিয়ে স্বাবলম্বী করে তুলছেন।
মূল প্রবন্ধে পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বলেন, পিকেএসএফ এখন বিদেশ থেকে প্রযুক্তি এনে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৩২ লাখ লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
