আমদানি হচ্ছে আরও দেড় লাখ টান চাল-গম
আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৩৭৮ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে এক লাখ মেট্রিক টন গম ও ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
এছাড়া ৯০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবসহ মোট ২১টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে ক্রয় কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ২৫১ মার্কিন ডলারে এই গম কেনায় খরচ ১০৪ কোটি ১৬ লাখ টাকা, সুইজারল্যান্ডের মেসার্স অ্যানটন এফএফআই গম সরবরাহ করবে।
আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিন টন গম আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ২৪৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে মেসার্স এগ্রোকোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ১০৩ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকায় এই গম সরবরাহ করবে।
মোস্তাফিজুর বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
দুবাইয়ের মেসার্স ফিনিক্স গ্লোবাল ডিএমিসিসি প্রতি টন চাল ৪১১ দশমিক ১১ মার্কিন ডলারে ব্যয়ে এই চাল সরবরাহ করবে, এতে খরচ হবে ১৭০ কোটি ৬১ লাখ ৬ হাজার টাকা।
রাষ্ট্রীয় পর্যায়ে বেলারুশিয়ান পটাস কোম্পানি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তির আওতায় প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ২৩৭ দশমিক ০২ মার্কিন ডলারে ব্যয় হবে ৫৮ কোটি ১২ লাখ ৯১ হাজার টাকা।
এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তির আওতায় প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ২৩৭ দমমিক ০২ মার্কিন ডলারে ব্যয় হবে ৫৮ কোটি ১২ লাখ ৯১ হাজার টাকা।
রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন প্রোডিনট্রোগ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে চুক্তির আওতায় প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ২৩৭ দমমিক ০২ মার্কিন ডলার।
গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্পে সেতু কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন অংশে ৯৩৫ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৭০২ টাকায় চীনের জিয়াংসু প্রভিনশিয়াল টান্সপোর্টিং ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানিকে দেওয়া ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি প্রকল্পে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন অংশে চীনের আরেকটি প্রতিষ্ঠানকে ১৫৮ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
জাপান সরকার বাস্তবায়নাধীন ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রোজেক্টের তিনটি প্যাকেজে তিনটি প্রতিষ্ঠানকে ৪৩০ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
মোংলা বন্দর থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌরুটের নাব্য উন্নয়ন প্রকল্পে ৮৯৫ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকার ক্রয় প্রস্তাব কমিটিতে অনুমোদন পেয়েছে বলে মোস্তাফিজুর জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন আরেকটি প্রকল্পে ছয়টি রেল মাউন্টেন কি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। চীনের মেসার্স সাংহাই-জিনহুয়া কোম্পানি ৩৫১ কোটি ২৯ লাখ ৯২ হাজার টাকায় এসব যন্ত্রপাতি সরবরাহ করবে।
নৌ মন্ত্রণালয় বাস্তবায়নাধীন আরেকটি প্রকল্পে কোরিয়ার একটি প্রতিষ্ঠানকে ২৯৩ কোটি ৪৮ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া এলজিইডির অধীন বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার ৬২টি সাইক্লোন শেল্টার ও সংযোগ সড়ক নির্মাণে ২০৯ কোটি ৫০ লাখ টাকায় ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেড কাজ পেয়েছে।
এলজিইডির অধীন বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার ৩৪টি সাইক্লোন শেল্টার ও সংযোগ সড়ক নির্মাণে ১৮৮ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকায় নাভানা কনস্ট্রাকশন লিমিটেড কাজ পেয়েছে।
এলজিইডির অধীন বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার ৩৫টি সাইক্লোন শেল্টার ও সংযোগ সড়ক নির্মাণে ১৮৮ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকায় তমা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে কাজ দিয়েছে ক্রয় কমিটি।
মোস্তাফিজুর জানান, ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে পার্বতীপুর ডিপোতে সরকারিভাবে রেলপথে ট্যাংক ওয়াগনের মাধ্যমে ৫০০ পিপিএম মান মাত্রার ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি ব্যারেল সাড়ে পাঁচ মার্কিন ডলারে ১ লাখ ৬৪ হাজার ১২০ ব্যারেল ডিজেল আনা হবে।
“পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২ প্রকল্পের আওতায় তিনটি ৩৩/১১ কেভি সাব স্টেশন নির্মাণের কাজ পেয়েছে মেসার্স সানরাইজ এন্টারপ্রাইজ, এতে ব্যয় হবে ১৯ কোটি ৯৩ লাখ টাকা।”
অতিরিক্ত সচিব জানান, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২ প্রকল্পের আওতায় চারটি ৩৩/১১ কেভি সাব স্টেশন নির্মাণের কাজ পেয়েছে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এতে ব্যয় হবে ২৬ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
“পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্রমবর্ধমান (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পে রিভার ক্রসিং টাওয়ার নির্মাণের কাজ পেয়েছে ডেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৫১ লাখ ৮৯ হাজার টাকা।”
বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের আওতায় ২০০টি মিটারগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের কাজের জন্য ইন্দোনেশিয়ার একটি কোম্পানিকে ৫৮৯ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকায় ঠিকাদার নিয়োগ দিয়েছে সরকার।
দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটবর্তী ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের একটি কাজের লট-২ এ সিসিইসিসি-ম্যাক্সে জয়েন্ট ভেঞ্চারকে ৩৫০২ কোটি টাকা এবং লট-১ এ সিটি জয়েন্ট ভেঞ্চারকে ২৬৮৭ কোটি টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরে দেশের ইউরিয়া সারের চাহিদা মেটানোর লক্ষ্যে কাতার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে তিন লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য স্বাক্ষরিত চুক্তি ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ইন্দোবাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ির মার্কেটিং টানেল থেকে পার্বতীপুরে জ্বালানি তেল সরবরাহের চুক্তিও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
