অর্থমন্ত্রীর সঙ্গে এডিবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়। ঝাংয়ের উপদেষ্টা হুইপিং হুয়াং ও বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোসি এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের জানান, বার্ষিক সফরে বাংলাদেশে আসায় ঝাংয়ের এই সাক্ষাৎ।
“ওদের অর্থ বছর জানুয়ারি-ডিসেম্বর। এটা কেবল শুরু হয়েছে। আমাদের যে লক্ষ্য আছে এ বছরে, উই হ্যাভ কেপ্ট টার্গেট এজ ইট ইজ।”
এডিবির কাছ থেকে সময়মত অর্থ ছাড় পাওয়ার আশার কথা জানিয়ে মুহিত বলেন, “তাদের ডিসবার্সমেন্ট ভাল। গত বছর ৮১৩ মিলিয়ন ডিসবার্সমেন্ট হয়েছে, ফ্রম এ পাইপলাইন অ্যাবাউট সিক্স বিলিয়ন। উই ওয়ান্ট টু মেইনটেইন দিস স্ট্যান্ডার্ড।”
