২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব‌্যাংকের ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশের জন্য ৩০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 12:27 AM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বুধবার সংস্থার বোর্ড সভায় এ ঋণ অনুমোদন হয় বলে বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থানীয় সরকারকে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী তহবিল ব্যবহারের সিদ্ধান্ত নিতে এবং জনগণের চাহিদার ভিত্তিতে অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে লোকাল গভর্নমেন্টস সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) শীর্ষক প্রকল্পে এ অর্থায়ন হবে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৩৮২ কোটি টাকা। বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ‌্যাসোসিয়েশন (আইডিএ) থেকে পাওয়া এই ঋণ ৬ বছরের রেয়াতকালসহ শূন‌্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে।

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে আগের দুটি প্রকল্পের ধারাবাহিকতায় এলজিএিসপির ৩য় পর্যায়ের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন করা হবে।

এর মাধ্যমে ১১ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ, ভূটান ও নেপালে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি রাজশ্রী পারালকার বলেন, “নিয়মিত, অনুমেয় ও স্বচ্ছ অর্থ স্থানান্তর পদ্ধতি ইউনিয়ন পরিষদ এবং অংশগ্রহণকারী পৌরসভাগুলোকে পরিকল্পনা প্রনয়ণ, অংশগ্রহণমূলক বাজেট তৈরি, সরকারি অর্থ ব্যবস্থাপনা ও জবাবদিহিতা বাড়াতে সাহায্য করবে।”

‘লোকাল গভর্ন‌্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩’ এর বিশ্ব ব্যাংকের টিম লিডার শেনহুয়া ওয়াং বলেন, “আগের পূর্বের প্রকল্পগুলোর মতো এলজিএসপি-৩ নারীর ক্ষমতায়নে গুরুত্ব দেবে। ওয়ার্ড কমিটিগুলো ও তদারকি কমিটির অন্তত পক্ষে এক-তৃতীয়াংশ সদস্য আগের মতোই নারী থাকবেন।”