জাহাজ ভাঙার আইনে মন্ত্রিসভার সায়
জাহাজ ভাঙার কাজে নিয়ম না মানলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন, ২০১৭’ এর খসড়া অনুমোদন পায়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম অঞ্চলে জাহাজ ভাঙার যে শিল্প রয়েছে, তা এই আইনের আওতায় আসবে। জাহাজ ভাঙার জন্য আলাদা ‘জোন’ ঘোষণা করা হবে।
“সরকারের অনুমতি নিয়ে ওই জোনে ইয়ার্ড স্থাপন করতে হবে। এই ইয়ার্ডের মধ্যেই জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত করতে হবে।”
বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কারখানাগুলো রয়েছে। সেখানে অনিরাপদ পরিবেশে জাহাজ ভাঙার পাশাপাশি অনিরাপদ জাহাজ এনে ভাঙার অভিযোগও রয়েছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক নানা সংগঠনের।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন পাস হলে জাহাজ ভাঙায় আন্তর্জাতিক মান রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও কনভেনশন প্রতিপালিত হবে।
অনুমতি ছাড়া ইয়ার্ড স্থাপন করলে অনধিক দুই বছরের কারাদণ্ড, ১০ থেকে থেকে ৩০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “অনাপত্তি সনদ ছাড়া জাহাজ আমদানি এবং ছাড়পত্র ছাড়া জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত (ভাঙা) করলে দুই বছরের কারাদণ্ড বা ১০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হবে।”
সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ড পরিদর্শনে সুইডেনের রাষ্ট্রদূত (ফাইল ছবি)
আইনের দ্বারা নির্দিষ্ট এলাকার বাইরে কেউ শিপইয়ার্ড পরিচালনা করলে দুই বছরের কারাদণ্ড বা ১০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে, বলেন শফিউল আলম।
জাল সনদ দিয়ে কোনো সুবিধা নিলে কমপক্ষে ৫ লাখ ও সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাহাজ ভাঙার কার্যক্রম দেখাশোনা করতে আইনে একটি বোর্ডের প্রস্তাব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় মনোনীত একজন অতিরিক্ত সচিব এই বোর্ডের চেয়ারম্যান হবেন।
এছাড়া এই বোর্ডে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন সরকারের নিয়োগকৃত একজন মহাপরিচালক, যিনি হবেন বোর্ডের প্রধান নির্বাহী।
