২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোকে ধোলাই খাল-জিঞ্জিরায় নজর দেওয়ার পরামর্শ আতিউরের

অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে ব্যাংকগুলোর এখন শহরে পিছিয়ে থাকা এলাকাগুলোর প্রতি নজর দেওয়া দরকার বলে মনে করেন সাবেক গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 01:38 AM

Updated : 19 Aug 2022, 03:34 PM

গত বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ ছেড়ে যাওয়া আতিউর মঙ্গলবার এক সভায় বলেন, “আমরা ব্যাংকগুলোকে গ্রামে যাওয়ার জন্য চাপ দিয়েছি। এটা দরকার ছিল। ফলে গ্রামীণ অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক হয়েছে।

“কিন্তু শহরের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অতটা ভালো হয়নি। এখন শহরের দিকে নজর দেওয়ার সময় এসেছে। বিশেষ করে সাভার,জয়দেবপুর, মুন্সীগঞ্জের অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বাড়ানোর প্রয়োজন আছে।”

পুরান ঢাকার ধোলাই খাল ও জিঞ্জিরায় হাজার হাজার উদ্যোক্তা থাকার কথা উল্লেখ করে আতিউর রহমান বলেন, “কিন্তু তারা নাম করা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেনি। এখন আমাদের ওদের কীভাবে অর্থ দেওয়া যায় তা ভাবতে হবে।”

মঙ্গলবার এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘প্রসপারিটি ফর অল, পোভার্টি ফর নান: এ জার্নি টোয়ার্ডস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রধান বক্তা ছিলেন আতিউর।

অধ্যাপক শফিকুর রহমান স্মরণে এশিয়াটিক সোসাইটির সম্মেলন কক্ষে এ স্মারক বক্তৃতা হয়।

২০৩০ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে শামিল হতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি এবং বিনিয়োগের হার ৩৪ শতাংশে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “দেশে এখনও প্রায় আড়াই কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছেন, আরও অনেক মানুষ বাস করছেন দারিদ্র্য সীমার সামান্য উপরে। এরা খুবই ঝুঁকির মধ্যে রয়েছেন। এদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

“দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তাদের ঝুঁকিমুক্ত করতে হবে। যদিও ইতোমধ্যে গৃহীত উদ্যোগগুলো সুফল বয়ে এনেছে, তবুও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সদা সতর্ক থাকতে হবে।”

তার মতে, লক্ষ্য অর্জনে দেশের অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি কাজের গতিও বাড়াতে হবে।

“ক্রমাগত নগরায়ন অবশ্যম্ভাবী। উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পরিবেশবান্ধব এবং টেকসই নগরায়নের কোনো বিকল্প নেই।”