রপ্তানি আয়: প্রবৃদ্ধি হলেও লক্ষ্য অর্জিত হয়নি
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
এই সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট এক হাজার ৬৭৯ কোটি ৮১ লাখ (১৬.৮ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছে।
এবার জুলাই-ডিসেম্বর সময়ে এক হাজার ৭৩৬ কোটি (১৭ দশমিক ৩৬ বিলিয়ন) ডলার রপ্তানি আয়ের লক্ষ্যের বিপরীতে অর্জিত এই আয় ৩ দশমিক ২৮ শতাংশ কম।
তবে এই সময়ে আয়ের অংক গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪৪ শতাংশ বেশি।
সর্বশেষ ডিসেম্বর মাসে আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে রপ্তানি আয় কমেছে ৩ দশমিক ০৩ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার রপ্তানি আয়ের হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, মূলত তৈরি পোশাকের উপর ভর করেই রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে।
জুলাই-ডিসেম্বর সময়ে মোট রপ্তানির আয়ের ৮৫ দশমিক ২৫ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। প্রবৃদ্ধির পরিমাণ ৪ দশমিক ৩৭ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৫ শতাংশ কম আয় এসেছে এ খাত থেকে।
উভেন পোশাক রপ্তানি থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে; ৬৮৯ কোটি ৬১ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ৯ দশমিক ৩৬ শতাংশ।
নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬৮১ কোটি ৩৬ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮৭ শতাংশ। এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।
চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা আছে ৩ হাজার ৭০০ কোটি (৩৭ বিলিয়ন) ডলার।
সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয় ৩৩৫ কোটি ডলার। এ সময়ে আয় হয়েছে ৩১০ কোটি ৭১ লাখ ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কম।
২০১৫-১৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ এক হাজার ৬০৮ কোটি ৩৯ লাখ আয় করেছিল।
অন্যান্য খাতের আয়
অন্যান্য খাতের মধ্যে জুলাই-ডিসেম্বর সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চিংড়ি রপ্তানি আয় বেড়েছে। তবে তামাক, পেট্রোলিয়ামজাত পণ্য , বাইসাইকেল ইত্যাদি পণ্যের রপ্তানি আয় কমেছে।
চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে আয় বেড়েছে ১১ দশমিক ৫২ শতাংশ। হিমায়িত চিংড়ি রপ্তানি থেকে আয় বেড়েছে ৭ দশমিক ২৬ শতাংশ।
প্ল্যাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ।
অন্যদিকে কৃষিজাত পণ্য রপ্তানি থেকে আয় কমেছে ৩ শতাংশ। পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি কমেছে ১৪ দশমিক ৭৫ শতাংশ।
গত ২০১৫-১৬ অর্থবছরে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ তিন হাজার ৪২৫ কোটি ৭২ লাখ (৩৪ দশমিক ২৫ বিলিয়ন) ডলার আয় করে, যা ছিল আগের অর্থবছরে চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয় ৩৭ বিলিয়ন ডলার।
