২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় রুপির চক্করে বেনাপোলে যাত্রী কমে অর্ধেক

ভারত সরকার আকস্মিক এক সিদ্ধান্তে ৫০০ ও ১০০০ রুপি মূল‌্যমানের পুরনো নোট বাতিল করায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা; বিরূপ প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 07:48 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

পুরনো খবর:

বাংলাদেশে থাকা ১০০০-৫০০ রুপির নোট এখন মূল‌্যহীন
রুপির বড় নোট বাতিল: বিপাকে বাংলাদেশি রোগীরা

ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, রুপি নিয়ে হয়রানির খবর শুনে অনেকে ভারত যাত্রা পিছিয়ে দিচ্ছেন; বেনাপোলে এসেও জটিলতার কথা জানতে পেরে ফিরে যাচ্ছেন অনেকে। গত এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া যাত্রীর সংখ‌্যা অর্ধেকে নেমে এসেছে।

ভারত ঘুরে যারা দেশে ফিরছেন, তারাও বলেছেন অশেষ ভোগান্তির শিকার হওয়ার কথা। রুপি বিনিময় করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের প্রায় সবাইকে। চিকিৎসা মাঝপথে রেখে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে বাধ‌্য হচ্ছেন অনেকে।   

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইকবাল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পথে এমনিতে গড়ে পাঁচ থেকে সাত হাজার লোক প্রতিদিন ভারতে যাতায়াত করে। এখন তা অর্ধেকে নেমে এসেছে।”

চেকপোস্ট শুল্ক তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা মোহাম্মাদ শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারত সরকার তাদের ৫০০ ও ১০০০ রুপির পুরনো নোট অচল ঘোষণা করায় আমাদের রাজস্ব আদায়েও ধস নেমেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার লোকের ভ্রমণকর আদায় হত, এখন তা পাওয়া যাচ্ছে অর্ধেকেরও কম।”

সরকারি তথ‌‌্য অনুযায়ী, চিকিৎসা, ব‌্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজার বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন। এ হিসাবে প্রতিবছর ভারত সফর করেন প্রায় ১১ লাখ বাংলাদেশি । ভিসা পেতে নানা জটিলতার পরও ভারত ভ্রমণ করা বিদেশি পর্যটকদের মধ‌্যে সংখ‌্যার বিচারে বাংলাদেশিরা আছে দ্বিতীয় অবস্থানে।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৮ নভেম্বর আকস্মিক এক টেলিভিশন ভাষণে রুপির বড় দুটি নোট বাতিল করে নতুন নতুন চালুর ঘোষণা দেন। তিনি বলেন, জাল নোট, কালো টাকা ও দুর্নীতি ঠেকাতে তার এই উদ‌্যোগ।

ভারতীয়রা নিজ দেশে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ১ হাজার ও ৫০০ রুপির নোট বদলে নিতে পারলেও বাংলাদেশি যাদের হাতে ওই নোট রয়েছে, তা মূল‌্যহীন হয়ে যায়। জটিল রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশিরা বিপদে পড়েন; পুরনো নোট নিয়ে পদে পদে সমস‌্যায় পড়তে হয় সফরে থাকা বাংলাদেশিদের।  

মঙ্গলবার ভারত থেকে বেনাপোল হয়ে দেশে ফিরেছেন ঢাকার মনিষা মণ্ডল। হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে বাস-ট্রেন, হাসপাতাল সব জায়গায় রুপি নিয়ে চরম বিড়ম্বনায় পড়েতে হয়েছে তাদের।

“নারীরা সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। রুপির নোট ভাঙাতে গিয়ে মোটা অংকের ক্ষতির মুখে পড়তে হয়েছে। বাধ্য হয়ে আগেই দেশে ফিরে আসলাম।”

জটিল রোগের চিকিৎসার জন্য যারা ভারতে যান, তাদের সঙ্গে বড় অংকের টাকা রাখতে হয় বলে যুক্তিসঙ্গত কারণেই ডলার ভাঙিয়ে ৫০০ ও ১০০০ রুপির নোট নিয়েছিলেন। সরকারি হাসপাতালে আপাতত পুরনো নোট নেওয়ার নির্দেশনা থাকলেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যারা গেছেন, তারা পড়েন বিপদে।

Image
আগের নোট বাতিল করে নতুন চালু করা ৫০০ রুপির এই নোটের ছবি ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া।

আগের নোট বাতিল করে নতুন চালু করা ৫০০ রুপির এই নোটের ছবি ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া।

Image
৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে নতুন চালু করা ২০০০ রুপির এই নোটের ছবি ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া।

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে নতুন চালু করা ২০০০ রুপির এই নোটের ছবি ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া।

পুরান ঢাকার বাসিন্দা জয়দেব পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাচ্চা নিয়ে গিয়েছিলাম দিল্লি। যাওয়ার পথেই সরকার নোট অচল বলে ঘোষণা দেয়। আমরা ভীষণ বিপদে পড়ি। ট্রেনের মধ্যে কেউ ওই দেশের নোট খুচরা করতে চায় না। আমি খাবার পানি পর্যন্ত কিনতে পারিনি।”

এদিকে বেনাপোল আর ওপারে ভারতের পেট্রাপোলে মানিচেইঞ্জাররা বিনিময় হারে বড় পরিবর্তন এনে মোটা লাভ করে নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। মানি চেইঞ্জারগুলো ভারতীয় এক হাজার রুপির নোটের বিনিময়ে ৬০০ টাকা এবং ৫০০ রুপির বদলে বিনিময়ে বাংলাদেশি ৩৫০ টাকা করে দিচ্ছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, ‘রুপি নেওয়া হবে না’ বলে প্রথমেই ভয় ধরিয়ে দিতে চাইছে মানি চেইঞ্জাররা। তারপর মোটা টাকা কেটে রাখছে মুদ্রা বিনিময়ে। উপায় না পেয়ে ভ্রমণকারীরা বিপুল ক্ষতি স্বীকার করেই মুদ্রা বদলাতে বাধ‌্য হচ্ছেন।

বেনাপোল চেকপোস্টের ‘রাজা বাদশা মানি চেইঞ্জার’ এর পরিচালক এইচ এম আবুল বাশার ও ‘তৃষা মানি চেইঞ্জার’ এর প্রতিনিধি আক্তার হোসেন অবশ‌্য এজন‌্য সীমান্তের দালালদের দায়ী করলেন।

তাদের ভাষ‌্য, সীমান্তে চোরাইভাবে যাত্রীদের কাছে নোট বিক্রি হচ্ছে। দুই পারে চোরাই চেইঞ্জার বন্ধ হলে যাত্রীদের ভোগান্তি ও ক্ষতি কমবে।