দারিদ্র্য ‘এত বেশি হারে’ কমবে বুঝতে পারেননি মুহিত
বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ২২ শতাংশে নেমে আসবে- তা এক যুগ আগেও ভাবতে পারেননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীতে এক সেমিনারের বক্তব্যে তিনি বলেন, “দারিদ্র্যের হার কমে ২২ ভাগে নেমে আসবে- এটা ১২ বছর পূর্বে এই দেশের মানুষ বিশ্বাস করতে পেরেছে বলে আমার মনে হয় না। না, অবশ্যই না; আমিও এটা বিশ্বাস করতে পারিনি।”
বিশ্ব ব্যাংক গ্রুপ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত এই সেমিনারের বক্তব্যে এক সময়ের সরকারি কর্মকর্তা মুহিত ফিরে যান স্বাধীনতার পরের সময়গুলোতে।
সে সময় বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য সংগ্রহে বেগ পেতে হতো জানিয়ে মুহিত বলেন, “বাংলাদেশের প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ আমরা করতাম, সেটা হচ্ছে খাদ্যের সন্ধান করা। কেবল বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করতে সে সময় বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের সঙ্গে বছরে তিন থেকে চারটা মিটিং করতে হতো।
“৩০ বছর পর যখন আমি সরকারে আবার ফিরে আসি। তখন আমাকে কখনোই খাদ্য সংগ্রহের জন্য চিন্তিত হতে হয়নি। এখনকার কেউই খাদ্যের সংগ্রহ করে না।”
স্বাধীনতার পর বাংলাদেশ প্রায় ১১ মিলিয়ন টন খাদ্য উৎপাদন করলেও বর্তমানে এর পরিমাণ প্রায় ৩৫ মিলিয়ন টন বলে জানান অর্থমন্ত্রী ।
তিনি বলেন, “এই সময়ে চাষযোগ্য জমি কমেছে প্রায় ১০ শতাংশ। জনসংখ্যাও সাড়ে সাত কোটি থেকে বেড়ে ১৬ কোটি হয়েছে। দারিদ্র্যের হার কমে ২২ ভাগে নেমে আসবে- এটা ১২ বছর পূর্বে এই দেশের মানুষ বিশ্বাস করতে পেরেছে বলে আমার মনে হয় না। না, অবশ্যই না; আমিও এটা বিশ্বাস করতে পারিনি।
দারিদ্র্য কমানোয় এই সফলতার পেছনে দেশের মানুষের ‘মনোভাব’ কাজ করেছে তা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখার কথা বলেন অর্থমন্ত্রী।
“এটা (দারিদ্র্য বিমোচন) সম্ভব হয়েছে, সমস্যায় পড়লে মানুষ সেটা থেকে উত্তরণে কঠোর চেষ্টা করে এবং সেটা থেকে ভালো কিছু বের করে আনতে চায়। এটাই আমরা বাংলাদেশের ক্ষেত্রে করছি। সামনের দিনগুলোতে আমাদেরকে এটা করতে হবে।”
সেমিনারে ‘সাউথ এশিয়াজ টার্ন: পলিসিজ টু বুস্ট কম্পিটিটিভনেস অ্যান্ড ক্রিয়েট দ্যা নেক্সট এক্সপোর্ট পাওয়ার হাউজ’ শীর্ষক একটি প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
বাণিজ্য ব্যবস্থার উন্নতি ও ব্যবসায়িক পরিবেশের উন্নতির মাধ্যমে বাংলাদেশ পূর্ব এশীয় দেশগুলোর মতো রপ্তানি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়।
এই প্রতিবেদনের বিষয়ে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ভিনসেন্ট পলমেইড জানান, এতে চারটি নীতিগত বিষয়ে বলা হয়েছে।
এগুলো হচ্ছে- ব্যবসার পরিবেশ উন্নতি, গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে সংযুক্তকরণ, একই জায়গায় অবস্থান থেকে উৎপাদন সুবিধার সর্বোচ্চকরণ এবং প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো।
পূর্ব এশীয় দেশগুলোতে শ্রম ব্যয় বেড়ে চলার কারণে বিনিয়োগকারী ও ক্রেতারা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশে ২০ লাখের বেশি তরুণ কর্মবাজারে প্রবেশ করে। এই সুযোগ লুফে নিতে এবং অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের এখনই পদক্ষেপ নিতে হবে।
সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উৎপাদিত পণ্যের পরিমাণ ও মানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি মন্তব্য করে এর কারণ হিসেবে বিশ্ব ব্যাংক গ্রুপের এই প্রধান অর্থনীতিবিদ বলেন, দক্ষিণ এশীয় প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা কম।
ভিনসেন্ট পলমেইড তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় রপ্তানির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি এবং ভিয়েতনাম ও চীনের সঙ্গে তুলনা করেন।
আয়তনসহ বিভিন্ন ক্ষেত্রে সামঞ্জস্যতার কারণে ভিয়েতনামের সঙ্গে আলোচনা ঘুরেফিরে বেশি আসে।
তিনি বলেন, শ্রমঘন শিল্প থেকে বাংলাদেশ মাথাপিছু ১২৬ ডলার রপ্তানি করে, যার অধিকাংশই আসে তৈরি পোশাক থেকে। সেখানে ভিয়েতনামের রপ্তানি মাথাপিছু ৩১২ ডলার। যেখানে তারা জুতাকেও যুক্ত করতে পেরেছে।
ভিয়েতনাম এরই মধ্যে তাদের রপ্তানির পণ্যের বিকেন্দ্রীকরণ করে ফেলেছে জানিয়ে ভিনসেন্ট বলেন, তাদের রপ্তানি পণ্যে নতুন করে ইলেকট্রনিক্স যুক্ত হয়েছে।
“স্যামসাং, ইন্টেল, অ্যাপেলের মত কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করেছে। সেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। স্যামসাং বাংলাদেশও বড় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।”
তিনি জানান, ‘ক্যাপিটাল’ ও ‘রিসোর্স’ ভিত্তিক উৎপাদনে বাংলাদেশ মাথাপিছ ১৬ ডলার রপ্তানি করে, যেখানে ভিয়েতনাম করে ৪১০ ডলার। দক্ষিণ এশিয়ায় এটা ১২০ ডলার, চীনের ২৭০ ডলার।
সেবা খাতে বাংলাদেশের মাথাপিছু আয় যেখানে ২ ডলার, সেখানে ভিয়েতনামের ৭৭ ডলার। দক্ষিণ এশিয়ার এই আয় ৫০ ডলার আর চীনের ৪৮ ডলার বলে জানান অর্থনীতিবিদ ভিনসেন্ট।
এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা বাংলাদেশের কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।
সহজেই বর্তমান উৎপাদন দ্বিগুণ করা সম্ভব মন্তব্য করে আরিফ দৌলা বলেন, “সেক্ষেত্রে অর্ধেক জমি অন্য কৃষির জন্য ফ্রি হয়ে যাবে। আমাদের কৃষকরা অনেক কিছু জানে না, এটা ঠিক। কিন্তু তারা খুব অভিজ্ঞ। তারা যেটা জানে, সেটা খুবই ভালোভাবে জানে।”
দেশের কৃষকদেরকে তথ্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের আওতায় আনার কথাও বলেন তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান অর্থনীতিবিদ কাজী এম আমিনুল ইসলাম, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং অধ্যাপক এসআর ওসমান বক্তব্য রাখেন।
