লেনদেন ভারসাম্য: উদ্বৃত্ত থেকে হঠাৎ ঘাটতি
বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) বেশ কিছু দিন ধরে উদ্বৃত্ত থাকলেও সেপ্টেম্বর শেষে তা ঘাটতিতে দাঁড়িয়েছে।
তবে অর্থনীতির অন্যতম প্রধান এই সূচকে হঠাৎ এই ঋণাত্মক ধারায় বিচলিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।
তার মতে, এই আমদানি ব্যয় বাড়ানোর পিছনে শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিরও ভূমিকা রয়েছে, যা সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক।
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার লেনদেন ভারসাম্যের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ৫০ কোটি ৪০ লাখ (৫০৪ মিলিয়ন) ডলারের ঘাটতি (ঋণাত্মক) দেখা দিয়েছে।
অথচ অর্থবছরের দুই মাসের হিসাবেও (জুলাই-অগাস্ট) ৭০ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।
আর ৩৭০ কোটি ৬০ লাখ (৩.৭ বিলিয়ন) ডলারের বড় উদ্বৃত্ত নিয়ে গত ২০১৫-১৬ অর্থবছর শেষ করেছিল বাংলাদেশ।
তার আগের বছরে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৮৭ কোটি ৫০ লাখ (২.৮৭ বিলিয়ন) ডলার।
লেনদেন ভারসাম্যের এই অবস্থা বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের দাম কমায় গত দুই-আড়াই বছর ধরে আমদানি খাতে ব্যয়ও কমেছিল।
“সে কারণে লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় বেশ বাড়ায় ব্যালান্স অব পেমেন্ট উদ্বৃত্ত থেকে ঘাটতিতে পরিণত হয়েছে।”
হঠাৎ করে কেন আমদানি ব্যয় বাড়ছে-এ প্রশ্নের জবাবে উত্তরা ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত বলেন, “দেশে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ চলায় সে সব প্রকল্পের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিও বাড়ছে। শিল্পের কাঁচামাল আমদানিও বাড়ছে। বাড়ছে ক্যাপিটাল মেশিনারি আমদানি। এছাড়া খাদ্যপণ্য (চাল ও গম) আমদানি খরচও বেড়েছে।”
‘তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই’ মন্তব্য করে তিনি বলেন, “শিল্পের জন্য প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি ও কাঁচামাল আমদানি বাড়া মানে দেশে বিনিয়োগ বাড়া। অর্থনীতিতে গতি সঞ্চার হওয়া। সেটাই হচ্ছে।”
বাংলাদেশ ব্যাংকের হাতে ৩২ বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) রয়েছে। এ অবস্থায় আমদানি ব্যয় বাড়লেও কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেন জায়েদ বখত।
নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হল, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।
বাণিজ্য ঘাটতিও বেড়েছে
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩৬ কোটি ৬০ লাখ (২.৩৬ বিলিয়ন) ডলার। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।
২০১৫-১৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১১২ কোটি ২০ লাখ ডলার।
এই তিন মাসে সব মিলিয়ে এক হাজার ২৭ কোটি ৫০ লাখ (১০.২৭ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ২৭ শতাংশ বেশি।
অন্যদিকে জুলাই-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ ৭৯০ কোটি ৯০ লাখ (৭.৯০ বিলিয়ন) ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৫২ শতাংশ বেশি।
এ হিসাবে সামগ্রিক বাণিজ্য ঘাটতির পরিমাণ হচ্ছে ২৩৬ কোটি ৬০ লাখ ডলার।
সেবা বাণিজ্যেও ঘাটতি
পণ্য বাণিজ্যের মতো সেবা বাণিজ্যেও ঘাটতি বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সেবা বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ৫৯ কোটি ৭০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে তা বেড়ে ৮৪ কোটি ডলার হয়েছে।
বেড়েছে এফডিআই
বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ৬৪ কোটি ২০ লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট-নিট) এসেছে। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ বেশি।
গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৫৯ কোটি ২০ লাখ ডলার।
পুঁজিবাজারে নিট বিদেশি বিনিয়োগও বেড়েছে (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট)।এই তিন মাসে বাংলাদেশের পুঁজিবাজারে ৩ কোটি ৮০ লাখ ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশের বিভিন্ন খাতে মোট যে সরাসরি বিদেশি বিনিয়োগ আসে তা থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মুনাফার অর্থ দেশে নিয়ে যাওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাকেই নিট এফডিআই বলা হয়ে থাকে।
