করমেলা: ষষ্ঠ দিনে আদায় ৩১০ কোটি টাকা
আয়কর মেলার ষষ্ঠ দিনে ৩১০ কোটি ৬০ লাখ টাকার কর আদায় হয়েছে।
রিটার্ন জমা দিয়েছেন প্রায় ২৯ হাজার করদাতা। নতুন ই-টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছেন চার হাজার ৫৫৯ জন। কর সংক্রান্ত সেবা নিয়েছেন এক লাখ ৩৯ হাজার ১৭৮ জন।
রোববার মেলার কার্যক্রম শেষে রাতে জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মেলার এই ছয় দিনে সারা দেশে সব মিলিয়ে এক হাজার ৭২৭ কোটি ৭২ লাখ টাকার কর আদায় হয়েছে। প্রায় দেড় লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন।
আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এদিন আয়কর মেলা ঘুরে আগের দিনের তুলনায় করদাতার উপস্থিতি কম দেখা গেছে।
কর দিতে আসা চাকুরিজীবী সাদেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অল্প সময়ে, সুশৃঙ্খলভাবে মাত্র ৩০ মিনিটে আয়কর রিটার্ন দাখিল করেছি।"
মেলায় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা রোভার স্কাউটের জাহিদুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুই দিনের তুলনায় আজ ভিড় বেশ কম।”
তবে এরমধ্যেও নতুন টিআইএন সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন।
প্রথমবার যারা কর দিতে চান তাদের সবাইকে ই-টিআইএন করে নিতে হয়,জাতীয় পরিচয়পত্র থাকলে ঘরে বসে ইন্টারনেটে মাত্র ১০ মিনিটে তা করা যায়।
সেই ই-টিআইএন পেতে এদিন মেলায় দীর্ঘ সময় লেগে যায়, ক্ষুব্ধ হয়ে বাসায় ফিরে যান কেউ কেউ।
ফিরোজ টুটুল নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাবির জন্য টিন করতে এসেছি পৌনে ১টায়। এখন সাড়ে ৩টা, আমি ই-টিআইএন তুলতে পারি নাই।
“ভাবি বেলা ১২টায় কাগজ জমা দিয়েছেন। আর আমি পৌনে ১টা থেকে ঘুরছি, আমাকে সোয়া ৩টার সময় জানানো হল যে আমার ভাবির জাতীয় পরিচয়পত্রে সমস্যা আছে। কিন্তু কম্পিউটার সেকশনে গিয়ে দেখলাম, এটা এখানকার টাইপিংয়ের ভুল।”
“দুই ঘণ্টা হয়ে গেল এখনও ই-টিআইএন পেলাম না,” বুথের সামনে দাঁড়িয়ে বলছিলেন একজন।
সোমবার মেলার শেষ দিনে লোক সমাগম বেশি হবে এবং কর সংগ্রহের পরিমাণও বাড়বে বলে আশা করছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
সপ্তাহব্যাপী মেলার শেষ দিন দুপুর ১টায় জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেলা পরিদর্শন করবেন।
পরে মেলা প্রাঙ্গণে ‘করদাতাবান্ধব রাজস্ব সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়’ শিরোনামে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৬টায় মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সেখানে প্রধান অতিথি থাকবেন।
