দ্বিতীয় দিনে করমেলায় ৫৩৪ কোটি টাকা আদায়
আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৩৪ কোটি টাকার কর আদায় হয়েছে; আর রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ৬৫৭ জন করদাতা।
এ নিয়ে করমেলার দুইদিনে মেলায় মোট ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা রাজস্ব আদায় হয়েছে; আর আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩৬ হাজার ৭৪৩ জন করদাতা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’নেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দ্বিতীয় দিনের কর আদায় ও রিটার্ন দাখিলের তথ্য জানিয়েছেন।
বুধবার ছিল সপ্তাহব্যাপী আয়কর মেলার দ্বিতীয় দিন। মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে করমেলা শুরু হয়। ঢাকায় আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে কর মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার মেলা পরিদর্শনে গিয়ে দেখা যায়, করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখর ছিল মেলা। করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করছেন।
বিভিন্ন বুথে করদাতাদের সেবা দিতে কর কর্মকর্তাদের হিমশিম খেতে দেখা গেছে।
সকাল ১০টার আগেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হন অনেক করদাতা। অনেকে কিছু সময়ের জন্য অফিস থেকে ছুটি নিয়ে মেলায় এসেছেন রিটার্ন জমা দিতে।
সকাল থেকেই বিভিন্ন কর অঞ্চলের বুথে করদাতাদের ভিড় দেখা যায়। সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত থাকে। ব্যাংকের বুথগুলোতেও ছিল লম্বা লাইন।
বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অফিস থেকে দু ঘণ্টার ছুটি নিয়ে ১০টার আগেই মেলায় এসেছি, যাতে দ্রুত রিটার্ন জমা দিতে পারি। হিসাব-নিকাশ করে ফরম পূরণ করেছি। এখন ব্যাংকে টাকা জমা দিয়ে রিটান জমা দেব।”
মেলা ঘুরে দেখা যায়, কেউ আয়কর রিটার্ন ফরম পূরণ করছেন, কেউ ফরম পূরণ শেষে নির্ধারিত অংকের টাকা ব্যাংকের বুথে জমা দিচ্ছেন।
মেলা আয়োজক কমিটির প্রধান এনবিআরের সদস্য আব্দুর রাজ্জাক বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। গাজীপুর-সাভার থেকে করদাতারা মেলায় আসছেন রির্টান জমা দিতে।
“আমরা এবার ব্যাপক পরিসরে মেলা আয়োজন করেছি। আটটি রুটে সার্টল বাসের ব্যবস্থা করেছি। করদাতারা বিনা পয়সায় মেলায় আসছেন, রিটার্ন জমা দিয়ে আবার ফিরে যাচ্ছেন।”
সামনের দিনগুলোতে মেলায় লোক সমাগম আরও বাড়বে বলে আশা করছেন রাজ্জাক।
বুধবার রাতে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিতীয় দিনে মেলায় রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ৬৫৭ জন করদাতা, যা গতবারের মেলার দ্বিতীয় দিনের চেয়ে ২০ শতাংশ বেশি।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে মেলা। অনেক বুথে সন্ধ্যার পরে রিটার্ন জমা নিতে দেখা গেছে।
বুধবার সারা দেশের মেলাগুলো থেকে সবমিলিয়ে ৫৩৩ কোটি ৭০ লাখ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। যা গতবারের মেলার দ্বিতীয় দিনের চেয়ে ১ দশমিক ৩১ শতাংশ বেশি।
দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় মোট ৭২৫ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১২৪ টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই ফাইলিং (প্রথমবারের মতো অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল), ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ।
মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ৮টি শাটল বাস নিয়োজিত রয়েছে।
বাড়তি আকর্ষণ
দ্বিতীয় দিন মেলায় বাড়তি আকর্ষণ যোগ করে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান কর শিক্ষণ ফোরাম। ভবিষ্যত আয়কর দাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে কর সচেতনতা তৈরির জন্য এটি এনবিআরের উদ্ভাবনী একটি পদক্ষেপ।
কর শিক্ষণ ফোরামের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলা পরিদর্শন ও কর বিষয়ে ধারণা লাভ করেন। কর বিষয়ে ধারণা লাভের পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে বুধবার মেলার দ্বিতীয় দিন রাজধানীর সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের নেতৃত্বে নবম থেকে একাদশ শ্রেণির ৬০ জন ছাত্র অংশ নেয়। এরপর তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া অংশগ্রহণকারীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছাত্রদের মাঝে সনদপত্র ও পুরুস্কার বিতরণ করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এছাড়া সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়কে সনদপত্র প্রদান করা হয়।
‘ট্যাক্স ক্যালকুলেটর’ অ্যাপসের উদ্বোধন
বিকালে মেলা প্রাঙ্গণে ‘ট্যাক্স ক্যালকুলেটর’ অ্যাপসের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপস এনবিআরের এক নতুন সংযোজন। এর সহায়তায় চাকরিজীবী করদাতারা সহজে কর হিসাব করতে পারবেন।
অনুষ্ঠানে পলক বলেন, “ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে যেকোনো পেশার মানুষ, প্রতিষ্ঠান ও সংস্থা নির্ভেজালভাবে তাদের কর হিসেব করতে পারবেন। অত্যন্ত হালকা এ অ্যাপসটি কি পরিমাণ কর হয়েছে নিমিষে জানিয়ে দেবে।
করদাতাদের সেবায় অ্যাপসটি চালুর জন্য তিনি এনবিআরকে ধন্যবাদ জানান।
