২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমেলার প্রথম দিনেই এলো ২০০ কোটি

আয়কর মেলার প্রথম দিনে সারা দেশে কর আদায় হয়েছে ২০০ কোটি টাকা, যা  গত বছরের মেলার প্রথম দিনের চেয়ে ২৫ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 10:04 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

মঙ্গলবার মেলার কার্যক্রম শেষে রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম দিনের মেলায় রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৮৬ জন করদাতা, যা গতবারের মেলার প্রথম দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ বেশি।

৫৯ হাজার ২৯২ জন কর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা নিয়েছেন। নতুন ই-টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছেন চার হাজার ৮৭৫ জন। এ সংখ্যা গত বছরের প্রথম দিনের চেয়ে ৮০ দশমিক ২২ শতাংশ বেশি।

মঙ্গলবার রাজধানী ঢকাসহ সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আয়কর মেলা শুরু হয়েছে।

ঢাকায় আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে কর মেলার উদ্বোধন করেন  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী দুপুরে মেলার উদ্বোধন করলেও সকাল থেকেই করদাতারা মেলা প্রাঙ্গণে উপস্থিত হন।

সকাল ১০টা থেকে বিভিন্ন কর অঞ্চলের বুথে করদাতাদের ভিড় দেখা যায়। তাদের কাউকে আয়কর রিটার্ন ফরম পূরণ, কাউকে দেখা যায় ফরম পূরণ শেষে নির্ধারিত অংকের টাকা ব্যাংকের বুথে জমা দিতে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলায় ভিড় আরও বেড়ে যায়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, প্রথম দিনেই মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে।

বাকি দিনগুলোতে করদাতাদের ভিড় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

দ্বিতীয় দিন

মেলার দ্বিতীয় দিন বুধবার বিকালে মেলা প্রাঙ্গণে ‘ট্যাক্স ক্যালকুলেটর’ হস্তান্তর অনুষ্ঠান হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে প্রধান অতিথি থাকবেন।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার।

এছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত কর শিক্ষণ ফোরামের রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে দুপুর ২টায় সনদপত্র বিতরণ করবেন এনবিআর চেয়ারম্যান।