২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের খুলতে পারে আমিরাতের শ্রমবাজার

সংযুক্ত আরব আমিরাতে কৃষি এবং মৎস‌্য খাতে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়তে থাকায় বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ শ্রমবাজারটি অদূর ভবিষ্যতে আবার চালুর আভাস দিয়েছেন দেশটির এক মন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 06:59 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

আমিরাতের জলবায়ু ও পরিবেশ বিষয়কমন্ত্রী ড. থানি বিন আহমেদ আল জায়ুদি রোববার ব্যাংককে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ সম্ভাবনার কথা শোনান।

এশিয়া কো-অপারেশন ডায়ালগে (এসিডি) যোগ দিতে তারা ব্যাংককে রয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমিরাতে বাংলাদেশি জনশক্তি রপ্তানির বাজার ফের চালু করা ছাড়াও বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

ফের শ্রমিক নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে আমিরাতের একটি প্রতিনিধি দলের শিগগিরই বাংলাদেশ সফর করার কথা রয়েছে। 

 প্রতিনিধি দলের এই সফরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশা প্রকাশ করেন, এর মধ্যে মধ্যে দিয়ে আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার ফের উন্মুক্ত হওয়ার ভিত রচিত হবে।

একই মত প্রকাশ করে আমিরাতের মন্ত্রী এসময় তার দেশে বিদেশি শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি ভবিষ্যতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান।

বাংলাদেশি জনশক্তির দ্বিতীয় বড় বাজার হিসেবে পরিচিত আমিরাতে বর্তমানে ১২ লাখের বেশি শ্রমিক কাজ করছেন।  

তবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি কয়েক বছর ধরে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ঢেলে সাজানোর জন্যই আমিরাত এটা করেছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।  

বৈঠকে শাহরিয়ার আলম ২০২০ সালে আমিরাতে বাণিজ্য মেলায় বাংলাদেশি পণ্যের কয়েকটি স্টল রাখারও অনুরোধ করেন।

আমিরাতের মন্ত্রী এসময় জলবায়ু ও নবায়ানযোগ্য জ্বালানি বিষয়ক ‘আবু ধাবি ফান্ড’ ব্যবহারের সুযোগ নিতে পরামর্শ দেন।

তিনি আগামী বছর জানুয়ারিতে আবু ধাবিতে অনুষ্ঠেয় এসিডির টেকসই জ্বালানি বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণও জানান।