‘এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের সহযোগিতা দরকার’
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বেসরকারি খাতের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রোববার রাজধানীর মতিঝিলে এমসিসিআই মিলনায়তনে ‘এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাত একটি গুরুত্বপূর্ণ সহযোগী। তাই বেসরকারি খাতের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে সরকার এসডিজি বাস্তবায়ন করতে চায়।”
এসডিজি বাস্তবায়নে ৮০ শতাংশ অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে ব্যয় হবে জানিয়ে তিনি বলেন, “তাই আমাদের রাজস্ব বাড়াতে হবে। এজন্য প্রয়োজন ব্যবসায়ীদের সহযোগিতা।
“অন্যান্য দেশ মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ের মাধ্যমে বেশ সাফল্য পেয়েছে। আমরা ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআইসহ সবার সহযোগিতায় আগামী অর্থবছরেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করব।”
২০১২ সালে করা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন ২০১৬ সালের জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের আপত্তিতে তা এক বছর পেছানো হয়েছে।
এই আইন কার্যকর হলে সবক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। বর্তমান আইনে ১৫ শতাংশ ভ্যাট থাকলেও তা সব ক্ষেত্রে নেই, যেমন ইংরেজি মাধ্যমের স্কুলে বেতনের ওপর ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এ রকমভাবে আরও কয়েকটি ক্ষেত্রে ২, ৩, ৪ শতাংশ হারে ভ্যাটের বিধান এখন চলছে। আবার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রয়েছে ‘প্যাকেজ ভ্যাট’।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
তিনি বলেন, “বাংলাদেশের ক্ষেত্রে এসডিজি অর্জনে যে চ্যালেঞ্জ রয়েছে সেখানে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এক্ষেত্রে সবার আগে সরকারি সহায়তা প্রয়োজন।”
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
