২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জুনাইদ আহমেদ ভারতে বিশ্ব ব্যাংক প্রধান

ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশি জুনাইদ কামাল আহমেদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 01:41 PM

জুনাইদ আহমেদ ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে অন্য রাউলের স্থলাভিষিক্ত হলেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় নয়া দিল্লি।

বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়, জুনাইদ গত ১ সেপ্টেম্বর তাদের নয়া দিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন।

১৯৯১ সালে তরুণ পেশাদার হিসেবে বিশ্ব ব্যাংকে যোগ দেওয়া বাংলাদেশি জুনাইদ আহমেদ ভারতে কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার আগে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি ব্ছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের কার্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি বিশ্ব ব্যাংকের ওয়াটার গ্লোবাল প্র্যাকটিসের জ্যেষ্ঠ পরিচালক ছিলেন। ২০১৪ সালে ওয়াটার গ্লোবাল প্র্যাকটিসের কার্যক্রম শুরুর সময় থেকেই ওই দায়িত্বভার নিয়েছিলেন বাংলাদেশ জুনাইদ।

বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা বিভিন্ন সময়ে আফ্রিকা ও ইস্টার্ন ইউরোপে অবকাঠামো উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন।

এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিশ্ব ব্যাংকের কার্যক্রম ব্যবস্থাপনায় বিভিন্ন পদে কাজ করেছেন এই বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করা জুনাইদ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা।

বাংলাদেশের আরও কয়েকজন ব্যক্তি বিভিন্ন দেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ভারতে এই দায়িত্বে জুনাইদ আহমেদই প্রথম বাংলাদেশি।