ভ্যাটের সঙ্গে আরও কর বসাতে চান ঢাকার দুই মেয়র
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরোপ করা আয়কর, ভ্যাট কিংবা শুল্কের উপর উপকর হিসেবে বাড়তি ১০ শতাংশ হারে করারোপ করতে চায় ঢাকার দুই সিটি কর্পোরেশন।
একই সঙ্গে সিটি কর্পোরেশন এলাকার মধ্য থেকে যে কোনো ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে রপ্তানি মূল্যের উপর ২ শতাংশ এবং আমদানিকালে আদায় করা আয়কর ও ভ্যাটের উপর বাড়তি কর আরোপের প্রস্তাবও দিতে যাচ্ছেন দুই মেয়র।
তাদের পরিকল্পনা হচ্ছে, এনবিআরের মাধ্যমে এই কর আদায়ের পর তা হিসাব করে আলাদা নিয়ে সিটি করপোরেশনের উন্নয়নে ব্যয় করবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উপ-কর বিষয়ে এই প্রস্তাব তৈরি করার পর বুধবার তা নিয়ে এনবিআরের সঙ্গে বৈঠক করেছেন দুই মেয়র সাঈদ খোকন ও আনিসুল হক।
সেগুন বাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে এনবিআর ও উভয় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ধিত এ করারোপে সিটি কর্পোরেশনের আইনি ক্ষমতার ব্যাখ্যা দিয়ে ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বৈঠকে বলেন, “সিটি কর্পোরেশন আইনের ৮২ ধারায় উপ-কর আরোপের কথা বলা আছে।
“অন্যদিকে নগরীতে ভোগ, ব্যয় বা বিক্রয়ের জন্য আমদানি বা রপ্তানির উপরও করারোপের কথা বলা আছে। সেই হিসেবে ধার্যকৃত অর্থ সিটি কর্পোরেশন পেতে পারে।”
দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, “ঢাকা পুরনো শহর। সমস্যায় জর্জরিত। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য যে কর আদায় করে, তা দিয়ে নগরীর পুরো উন্নয়ন ব্যয় নির্বাহ করা সম্ভব হয় না।
“সিটি কর্পোরেশন আইনে উপ-কর ধার্যের বিষয়টি বলা আছে। এ রকম বিধিমালা জারি করা গেলে কর্পোরেশন আর্থিকভাবে স্বচ্ছল হবে। এ লক্ষ্যে আমরা রাজস্ব বোর্ডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই।”
একই যুক্তি দেখান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকও।
তাদের বক্তব্য শুনে এনবিআর চেয়ারম্যান নজিবুর বলেন, “সার্বিক বিষয় আরও বিশদভাবে বোঝার চেষ্টা করা হবে। বিশ্বব্যাপী এক্ষেত্রে কী ধরনের উদাহরণ রয়েছে, তাও জানার চেষ্টা করা হবে।
“তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
