নারায়ণগঞ্জের উন্নয়নে ১৯১ কোটি টাকা
মেয়াদের শেষ সময়ে এসে নারায়ণগঞ্জ শহরের আধুনিকায়নে ১৯১ কোটি টাকা পাচ্ছেন মেয়র সেলিনা হায়াত আইভী।
নারায়ণগঞ্জ শহরে রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ এবং বৃক্ষরোপণসহ উন্নয়ন কর্মকাণ্ডে এই অর্থ ব্যয় হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার নারায়ণগঞ্জের এ প্রকল্পসহ মোট সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছে।
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে একনেক সভার পর সাংবাদিকদের সামনে সভার বিভিন্ন বিষয় তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি পুরনো বন্দর শহর। এ নগরের অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা ‘খুবই খারাপ’। ‘ড্রেনেজ সিস্টেম’ না থাকায় বর্ষায় অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
“এসব সমস্যা সমাধানের জন্য 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ এবং বৃক্ষরোপণ’ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ১৯১ কোটি ২৪ লাখ টাকা।”
২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে জয়ী হয়ে প্রথম মেয়র হন সেলিনা হায়াত আইভী।
ভোটের পর ২০১১ সালের ২৭ ডিসেম্বর সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের প্রথম সভা হয়। সে অনুযায়ী চলতি বছরের ২৬ ডিসেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী মেয়াদপূর্তির আগের তিন মাসের মধ্যে সেখানে নতুন নির্বাচন দিতে হবে।
আরও ছয় প্রকল্প
প্রতিমন্ত্রী জানান, একনেক সভায় এদিন নারায়ণগঞ্জের প্রকল্পটিসহ মোট মোট সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যাতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকার যোগান দেওয়া হবে।
অনুমোদিত বাকি ছয় প্রকল্প হল-
# 'জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন' প্রকল্প; ব্যয় হবে ৩৮৮ কোটি টাকা।
# 'ঢাকা মহানগরীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন' শীর্ষক তৃতীয় সংশোধিত প্রকল্প; ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা।
# ‘হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন' প্রকল্প; ব্যয় হবে ১৫৬ কোটি টাকা।
# ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন' শীর্ষক দ্বিতীয় সংশোধিত প্রকল্প; ব্যয় ১২০ কোটি টাকা।
# 'মুন্সিগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন' শীর্ষক তৃতীয় সংশোধিত প্রকল্প; ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি টাকা।
# ‘মহিলা কারারক্ষীদের জন্য আাবাসন নির্মাণ' প্রকল্প; ব্যয় হবে ৯৪ কোটি টাকা।
