কৃষি ঋণ বিতরণে ৭% প্রবৃদ্ধির লক্ষ্য
চলতি অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকার কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত অর্থবছরের তুলনায় ৭ দশমিক ০১ শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির রোববার ২০১৬-১৭ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ কার্যক্রম ও নীতিমালা ঘোষণা করেন।
আর বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ৮ হাজার ২৬০ কোটি টাকা বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে।
গত অর্থবছর কৃষিতে ১৬ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য ঠিক করা হলেও বিতরণ হয় তার বেশি; ১৭ হাজার ৬৪৬ কোটি টাকা।
মোট ৩৪ লাখ ২৬ হাজার ১৩০ জন গত অর্থবছর এই কৃষি ও পল্লীঋণ পেয়েছেন।
এর মধ্যে প্রায় ১৫ লাখ ২০ হাজার নারী বাংকগুলোর নিজস্ব নেটওয়ার্ক ও এমএফই লিংকেজের মাধ্যমে প্রায় ৪ হাজার ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ পেয়েছেন। আর ২৬ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী বিভিন্ন ব্যাংক থেকে পেয়েছেন ১২ হাজার ৯৩ কোটি টাকা।
এছাড়া চর হাওরসহ অনগ্রসর এলাকার ৭ হাজার ৯৭২ জন কৃষক প্রায় ২৭ কোটি ৩৮ লাখ টাকা পেয়েছেন কৃষি ও পল্লীঋণ হিসেবে।
দশটি ব্যাংক তাদের লক্ষ্যমাত্রা থেকে যে পরিমাণ অর্থ পিছিয়ে আছে, সেই পরিমাণ টাকা তাদের কাছ থেকে কেটে রাখা হয়েছে। পরবর্তী বছর লক্ষ্যমাত্রা অর্জন করলে সেই অর্থ তাদের ফেরত দেওয়া হবে বলে এস কে সুর জানান।
পল্লীঋণ নীতিমালা
>> কৃষি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ শতাংশ সুদ প্রয়োজ্য হবে।
>> এজেন্ট ব্যাংকাররা গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত সুদ হারের অতিরিক্ত দশমিক ৫০ শতাংশ সার্ভিস চার্জ আদায় করতে পারবেন।
>> আড়াই লাখ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি কৃষি ঋণের ক্ষেত্রে সিআইবি তদন্তের প্রয়োজন পড়বে না।
>> আম ও লিচুর পাশাপাশি পেয়ারা উৎপাদনেও সারা বছর ঋণ দেওয়া যাবে।
এস কে সুর চৌধুরী জানান, বিদেশি ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংয়ের সহায়তা নিতে পারে। তাতে ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রামগঞ্জে তাদের নতুন শাখা খোলার প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে কৃষি ও পল্লীঋণ কার্যক্রম ও নীতিমালা ঘোষণার এই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
