উন্নত দেশে রূপান্তরের ‘গবেষণায়’ গর্বিত মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে ২০৪০ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার যে লক্ষ্যের কথা বলা হয়েছে তা একটি গবেষণার ফল এবং তিনি ও কাজী খলীকুজ্জমান আহমদসহ কয়েকজন অর্থনীতিবিদ ওই গবেষণা করেছিলেন।
বুধবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন মুহিত, যে অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী বলেন, “২০০১ সালে আওয়ামী লীগের বিপর্যয়ের পর আমরা চিন্তা ভাবনা করলাম যে, আওয়ামী লীগকে আবার নতুন করে কীভাবে ইতিবাচকভাবে উপস্থাপন করা যায়। তখন আমরা বহু বছরব্যাপী একটা কার্যক্রমের চিন্তা ভাবনা করতে থাকি, আগামী ২০৪০ সালে কী ধরনের বাংলাদেশ আমরা পাব। তারই একটা অংশ হিসাবে আমরা ২০২১ সালের স্বপ্ন দেখি।
“তার জন্য আমরা চার বছর কাজ করেছি। এই স্বপ্নটার বিভিন্ন দিক নিয়ে আমরা চার বছর কাজ করেছি। আমরা যে কয়েকজন লোক কাজ করেছি... কাজী খলীকুজ্জমান তার মধ্যে একজন।”
সেই কাজটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর তার নির্বাচনী ইশতেহার হিসেবে ঘোষণা দেন বলে জানান মুহিত।
“১৬ পৃষ্ঠার ইশতেহার। তবে আমাদের কার্যক্রম ছিল প্রায় ৭০ পৃষ্ঠার একটি দলিল, যেটা এখনও মাঝে মাঝে আমরা দেখি। মাঝে মাঝে ভাবি... মাঝে মাঝে কম্পেয়ার (তুলনামূলক বিশ্লেষণ করি) করি আমরা কোথায় গেলাম, কোথায় যাচ্ছি।”
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিয়ে সরকার গঠন করা আওয়ামী লীগ সরকারে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মুহিত। দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পরও টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠিত হলে একই দায়িত্ব পান তিনি।
এই সময়ের মধ্যে মাথাপিছু আয়ে নিম্ন-মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকেও বিভিন্ন সাফল্য আসায় বহির্বিশ্বের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ।
২০০১ সালেই অবসরে যাবেন ঠিক করেছিলেন জানিয়ে মুহিত বলেন, “তখন আমার চিন্তা হয়েছিল যে অত্যন্ত বাজে ধরনের অবসর হবে। কারণ সব সময় বড় বড় স্বপ্ন দেখেছি, চিন্তা করেছি... কিন্তু যাচ্ছি যখন, তখন দেশের তেমন কোনো কিছু নেই, দেখাবার মতো কিছু নেই; লজ্জা পাওয়ার মতো অনেক কিছু আছে।”
টানা সাত বছরের বেশি সময় ধরে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ‘কীর্তি’ গড়ায় সন্তুষ্ট অশীতিপর মুহিত।
“আমি রিসেন্টলি (সম্প্রতি) বলতে শুরু করেছি যে, এখন আমার জীবনের শেষ সময়। এতো কীর্তির সঙ্গে বিদায় নেওয়া… কারণ বাংলাদেশকে যেভাবে চিন্তা করেছি, সেটা এগিয়ে যাবে।
“বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে আর পেছনে ফিরিয়ে নেওয়া যাবে না। এগিয়ে যাবেই।”
অর্থমন্ত্রী বলেন, “২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের… আর একচল্লিশ সালের মধ্যে উন্নত দেশ হবে, এটা মেকি নয়।”
হলি আর্টিজান বেকারিসহ সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলায় দেশের ‘শান্তির ওপর আক্রমণ’ আসায় উদ্বেগ প্রকাশ করেন মুহিত।
“আমার আজীবন স্বপ্ন হলো শান্তিপূর্ণ বাংলাদেশ। সেই শান্তির ওপর আক্রমণ এসেছে। এটি মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় কাজ। গুলশানে হামলার পর দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকার বেশ দৃঢ়তা দেখিয়েছে।”
কল্যাণপুরে পুলিশের গুলিতে নয় জঙ্গি নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, “আজকের (বুধবার) পত্রিকায় আপনার তার নজির কিছুটা দেখেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।”
পিকেএসএফ ভবনে ‘উন্নয়নে পিকেএসএফ ২০১৬ এবং সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে পিকেএসএফকে একেবারেই বাংলাদেশের নিজস্ব সৃষ্টি বলে মন্তব্য করেন মুহিত।
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে তিনি বলেন, “আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসি, যেটা শুরু হয় ড. ইউনুসকে ক্ষুদ্র ঋণের জন্য তিন বছরের একটি প্রজেক্ট দিয়ে। তিন বছরের এ প্রজেক্টাই হলো গ্রামীণ ব্যাংকের জন্ম।
“এ প্রজেক্টটা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অনেক জায়গায় চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত এটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে। সেই প্রজেক্টটাই হলো গ্রামীণ ব্যাংকের জন্ম।”
সামরিক শাসক এরশাদ সরকারের সময়েও অর্থমন্ত্রী থাকা মুহিত বলেন, “সেই সময়ে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। এটা একটা সম্পূর্ণভাবে সরকারি প্রতিষ্ঠান।
“আইন করে এই গ্রামীণ ব্যাংক সৃষ্টি হয়। আমি তখন অর্থমন্ত্রী ছিলাম। তখন এক ব্যাংকার মিটিংয়ে বাংলাদেশের সকল ব্যাংকার এই ব্যাংকের পক্ষে মতামত দেন নি।”
অর্থমন্ত্রী আরও বলেন, “গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার পর বিশ্বব্যাংক খুবই আকৃষ্ট হয়। গ্রামীণ ব্যাংকের জন্য বিশ্বব্যাংকের কোনো অবদান নেই। তাদের কোনো সংশ্লেষ ছিল না। তারও বেশ পরে গ্রামীণ ব্যাংক ঋণ দিতে শুরু করে।
“গ্রামীণ ব্যাংক ও পিকেএসএফ একান্ত সরকারের নিজস্ব সৃষ্টি।”
অনুষ্ঠানে সিলেটের সুনামগঞ্জে ছিন্নমুল শিশুদের জন্য আবাসিক স্কুল ও বিনা বেতনে পড়াশুনার ব্যবস্থা করার জন্য জামিল চৌধুরীকে আজীবন সম্মাননা দেয় পিকেএসএফ।
এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানও বক্তব্য রাখেন।
