২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণের সুদ ১০% এর বেশি নয়

কৃষি ও পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 10:01 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সম্প্রতি আমানত ও ঋণের সুদের হার কমে আসায় বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের সুদের ঊর্ধ্বসীমা পুনঃনির্ধারণ করেছে বলে এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখানো হয়েছে।

২০১৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক কৃষি ও পল্লী ঋণের সুদের ঊর্ধ্বসীমা ১১ শতাংশে নির্ধারণ করেছিল। তারও আগে এ হার ছিল ১৩ শতাংশ।

সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমেছে। যে কারণে ব্যাংকগুলো ঋণের সুদহারও কমিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে ব্যাংকিং আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২ শতাংশ; আর ঋণের গড় সুদহার ছিল ১০ দশমিক ৭৮ শতাংশ।

রাষ্ট্রমালিকানাধীন বেশিরভাগ ব্যাংক ইতোমধ্যে কৃষি ঋণের সুদের হার ১০ শতাংশের মধ্যে নামিয়ে এনেছে। সোনালী, জনতা, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংক ১০ শতাংশ হারে কৃষি ঋণ বিতরণ করছে। অগ্রণী ব্যাংক করছে ৮ শতাংশ হারে।

Image
মানিকগঞ্জের সিংগাইরে চলছে ইরি ধান কাটা। ফলন ভালো হলেও বাজার দরে উৎপাদন খরচ উঠছে না বলে অভিযোগ কৃষকদের।ছবি: তানভীর আহাম্মেদ

মানিকগঞ্জের সিংগাইরে চলছে ইরি ধান কাটা। ফলন ভালো হলেও বাজার দরে উৎপাদন খরচ উঠছে না বলে অভিযোগ কৃষকদের।ছবি: তানভীর আহাম্মেদ

Image
শুরু হয়েছে ধান কাটার মৌসুম, মানিকগঞ্জের সিংগাইরে ধান কেটে ঘরে নিতে ব্যস্ত কৃষক। ছবি: তানভীর আহাম্মেদ

শুরু হয়েছে ধান কাটার মৌসুম, মানিকগঞ্জের সিংগাইরে ধান কেটে ঘরে নিতে ব্যস্ত কৃষক। ছবি: তানভীর আহাম্মেদ

তবে কৃষি ঋণের জন্য বিশেষায়িত ব্যাংক কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১ শতাংশ সুদে এ ঋণ বিতরণ করছে। এই দুই ব্যাংকই সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করে থাকে। ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংকগুলো ১৬ হাজার ৪০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এর মধ্যে কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিতরণ করার কথা ৬ হাজার ৪০০ কোটি টাকা।

ছয়টি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংককে ২ হাজার ৮৯০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এপ্রিল পর্যন্ত অর্থাৎ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ব্যাংকগুলো ১৪ হাজার ১২৮ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে।