২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হবে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন: বিসিএস

প্রস্তাবিত নতুন বাজেট অনুযায়ী তথ্যপ্রযুক্তি পণ্য এবং অপটিক্যাল ফাইবার কেবলের আমদানি শুল্ক বাড়ানো হলে এ খাতের অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 04:52 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০১৬-১৭ পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনটির পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি আলী আশফাক বলেন, “বাজেটে কম্পিউটার ও কম্পিউটার অ্যাক্সেসরিজের আমদানি শুল্ক দুই থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে কম্পিউটারের মূল্য বৃদ্ধি পাশাপাশি ডিজিটাল ক্লাস রুম, ল্যাব, ই-সেবা কেন্দ্র ইত্যাদি উদ্যোগ বাস্তবায়নের ব্যয় বৃদ্ধি পাবে।

এ খাতে আমদানি শুল্ক আগের মতো রাখার দাবি জানান আশফাক।

অপটিক্যাল ফাইবার কেবলের আমদানি শুল্ক পাঁচ শতাংশ বৃদ্ধি করা হলে তৃণমূল পর্যায়ে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ স্থাপনও বাধাগ্রস্ত হবে জানিয়ে আশফাক বলেন, “অপটিক্যাল ফাইবার কেবলের আমদানি শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাবে আশাহত হয়েছি। এই হার শূন্য করার প্রস্তাব করছি।”

২২ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর আমদানিতে শুল্ক সুবিধা পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ২২ ইঞ্চির স্থলে ১৯ ইঞ্চি মনিটরের কথা বলা হয়েছে। বর্তমানে কোনো খ্যাতিমান প্রতিষ্ঠান ২২ ইঞ্চির নিচে মনিটর উৎপাদন করে না। শুল্ক সুবিধায় এই আকার ২৮ ইঞ্চি করা এখন সময়ের দাবি।”

ডিজিটাল পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতির জন্য কম্পিউটার যন্ত্রাংশ থেকে সব ধরণের শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বিসিএস।

খুচরা পর্যায়ে কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ বিক্রির উপর পূর্বে পরিশোধিত প্যাকেজ মূল্য সংযোজন করের (মূসক) সমপরিমাণ বহাল রাখা এবং এটিকে চূড়ান্ত মূসক হিসেবে গণ্য করার দাবি জানান আশফাক।

সমিতি মহাসচিব সুব্রত সরকার, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।