২০ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাশ
চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ১৯ হাজার ৮০৩ কোটি ৬২ লাখ ৮৮ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে।
এই অর্থবছরে যেসব মন্ত্রণালয়/বিভাগ বেশি খরচ করেছে, এর মধ্য দিয়ে তার অনুমোদন নেওয়া হলো।
আগামী ৩০ জুন সমাপ্য চলতি অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সংসদে ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১৬’ উত্থাপন করেন।
সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল জাতীয় পার্টির ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৩১টি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাশ হয়।
ছাঁটাই প্রস্তাবগুলোর মধ্যে ছয়টি বিভাগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনা হওয়া মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের দাবি তোলেন।
তার বিরোধিতা করে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, “ব্যাংক খাত থেকে টাকা চুরি হয়েছে গেছে। সব ব্যাংকের একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকে যখন পচন ধরেছে... ৮০০ কোটি টাকা কর্মকর্তাদের যোগসাজশে চুরি হল। সব চুরির সাথে ওই ব্যাংকের কর্মকর্তারা জড়িত।
(ফাইল ছবি)
ফরাজী এসময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নিয়ন্ত্রণের জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠনের দাবি জানান।
জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, “টাকা চুরি হয়েছে, এখন আবার বেশি বরাদ্দ দেওয়ার দাবি উঠেছে। টাকা কম দিলে চুরি কমে যাবে।”
তবে এসব ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে অর্থমন্ত্রী বলেন, “এ খাতে অনেক দোষ-ত্রুটি হয়েছে বটে। টাকার যে অবস্থা... আমি আশ্বস্ত করতে চাই, এমন কিছু ঘটেনি এই সমস্ত প্রতিষ্ঠানকে ধুয়ে মুছে ফেলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে। ফরাজী সাহেবের সাথে আমিও বলতে চাই, পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে।”
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৩০৯ কোটি ২৮ লাখ টাকা বেশি বরাদ্দের দাবি করেন সংসদ কাজে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক।
ছাঁটাই প্রস্তাব দেওয়ার সময় স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, “এটা খুব সেনসেটিভ মন্ত্রণালয়। অনেকের মধ্যে ধারণা আছে, এই খাতে টাকা স্বচ্ছভাবে খরচ হয় না। মন্ত্রীর উচিত এ ব্যাপারে আমাদের পরিষ্কার করা।”
জবাবে আইনমন্ত্রী বলেন, “এই খাতের সব টাকা অডিটেড। স্বচ্ছতার অভাব নেই।”
সম্পূরক আর্থিক বিবৃতির ব্যাখ্যামূলক স্মারকে বলা হয়েছে, “২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেটে ৫৯টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে নীট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ৩৮টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৯ হাজার ৮০৩ দশমিক ৬৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং ২১টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪৭ হাজার ১২০ দশমিক ১১ কোটি টাকা হ্রাস পেয়েছে।
“সার্বিকভাবে ৩০ হাজার ৫৩৫ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নীট ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকা।”
