বিসিআইএম করিডোর: চীনকে উদ্যোগী দেখতে চায় বিএনপি
বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে চীনের কাছ থেকে জোরদার উদ্যোগ চেয়েছে বিএনপি।
দেশের অগ্রগতির জন্য বিসিআইএম ইকোনোমিক করিডোরের ভূমিকা তুলে ধরে শনিবার এক আলোচনা সভায় এ প্রত্যাশার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
এই করিডোর ‘অভূতপূর্ব অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আসবে’ মন্তব্য করে তিনি বলেন, “এই রাস্তাটা ছিল- যেটাকে আমরা ইকোনোমিক করিডোর বলতেছি, তখনকার দিনে ‘সাউর্দান সি ডোর’ এটাকেই বলতো।
“আমরা মনে করি, এটা চীনেরই উদ্যোগ, আমরা এর সাফল্য কামনা করি। আমি মনে করি, চীন আরও উদ্যোগী হয়ে এই ইকোনোমিক করিডোর গড়ে তুলবে।”
বিসিআইএম অর্থনৈতিক করিডর নিয়ে এর মধ্যে চার দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
করিডরটির আওতায় চীনের ইউনান প্রদেশ, বাংলাদেশ, মায়ানমার ও ভারতের সাড়ে ১৬ লাখ বর্গকিলোমিটারের বিশাল এই অঞ্চলের ৪৪ কোটি মানুষের পাশাপাশি থাকবে সড়ক, জল ও আকাশ পথের যোগাযোগ ব্যবস্থা।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে অতীশ দীপংকরের ৩৮তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভা হয়।
গভীর সমুদ্র বন্দর নির্মাণকাজের চীনের অংশগ্রহণের উপর জোর দিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেন, “কথা হচ্ছিল, চীনের অর্থায়নে ও চীনের প্রযুক্তিতে সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর হবে। সেটা এখন হচ্ছে না, পিছিয়ে পড়েছে। আমরা চাই এটা তরান্বিত হোক।”
চীনের সঙ্গে বাংলাদেশে সম্পর্ক নির্মাণে অতীশ দীপংকরের অবদানের কথা স্মরণ করেন তিনি।
“চীনের সরকার ও জনগণ অতীশ দীপংকরকে সম্মান করে। চীনে বৌদ্ধ ধর্ম প্রচারে তিনি সেখানকার মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। মহামতি বুদ্ধের অহিংসার দর্শন চীন ও এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে অতীশ দীপংকর।
“আমরা চাই, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন আরও বড় অবদান রাখুক। আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের সামরিক বাহিনীর উন্নয়ন, দুই দেশের কৃষ্টি-কালচার- এগুলোর উন্নয়নে চীন অবদান রাখুক।”
জাতীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ও বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামে নিতে চীনের সহযোগিতা নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, চায়না কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক শিয়ে নান আকাশিয়া, বিশ্ব বৌদ্ধ প্রচার সংঘের যুগ্ম সম্পাদক প্রমোদ বড়ুয়া, অধ্যাপক মহিউদ্দিন তাহের ও সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ বক্তব্য রাখেন।
