২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগে গতি এসেছে: মুহিত

দেশে বিনিয়োগ গতি পেয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 12:08 AM

Updated : 12 Apr 2022, 02:12 AM

শুক্রবার বাজেটের উপর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “বিনিয়োগের অবস্থা সম্পর্কে আমি আমার বাজেট বক্তৃতায় শেষ দিকে বলেছি। বিনিয়োগে মনে হচ্ছে একটা ধাক্কা এসেছে।

“এটা অভ্যন্তরীণ বিনিয়োগে যেমন এসেছে, তেমনি বৈদেশিক বিনিয়োগেও এসেছে।”

বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি ছাড়া ৭ দশমিক ২  শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব কিনা- প্রশ্নের জবাবে মুহিত বলেন, “আপনারা বৈদেশিক বিনিয়োগের ফিগার দেখেছেন। বাংলাদেশে তা সর্বোচ্চ, ২ বিলিয়ন ডলার হয়েছে। সর্বোচ্চর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এসকেলেশন। এটা ব্যাপকভাবে হয়েছে।”

“সুতরাং আমার মনে হচ্ছে, গত প্রায় দেড় বছরের যে পরিস্থিতি দেশে আছে, যেখানে লোকজনের একটা আস্থার ভিত্তি হয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) ১৬৩ কোটি ১০ লাখ (১.৬৩ বিলিয়ন) ডলারের নিট এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) এসেছে।

এই অংক ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৫৪ শতাংশ বেশি।

আস্থার ভিত্তি তৈরির কারণও ব্যাখ্যা করে তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “আস্থাটা হচ্ছে এই জন্যই যে, এখানকার লোকজন এখন কাজ করে ব্যস্ত আছে। কোন ধরনের স্ট্রাইক, বন্ধ- এগুলোর মধ্যে তাদের আগ্রহ নেই। এখানকার শ্রমিকশক্তি এত বলবান হয়েছে, এই শ্রমিক শ্রেণি কোনদিনই ছুটি চায় না।”

প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাজ বন্ধ রাখার অবস্থা এখন আর বাংলাদেশে নেই বলেও মন্তব্য করেন মুহিত। 

সিপিডির সমালোচনার জবাব

বাজেট বাস্তবায়ন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে  মুহিত বলেন, “সিপিডির ক্রিটিসিজম যে, বড় বাজেট কিন্তু বাস্তবায়ন তো কম হয়।

“বাজেট ইজ অ্যান এস্টিমেট। ইয়েস, ওয়ান কুড ডু সামথিং লাইক দিস যে, আমি বাজেট ডেলিবারেটলি কম রাখলাম, যাতে আই পারফর্ম বেটার। দ্যাট আই হ্যাভ অলসো ডান।”

সিপিডি বাজেট পর্যালোচনা করে বলেছে, অর্থমন্ত্রী বড় ব্যয় পরিকল্পনা করেন। কিন্তু বছর শেষে দেখা যায় কম খরচ করেন। এর ফলে এক ধরনের ‘আস্থার সঙ্কট’ তৈরি হচ্ছে।

শুক্রবার সকালে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তার প্রতিষ্ঠানের মতামত তুলে ধরেন।

এ বিষয়ে মুহিত আরও বলেন, “আই অ্যাম দ্য অনলি মিনিস্টার হুজ বাজেট হ্যাজ বিন ওভার পারফর্মড ইন ১৯৮৩-৮৪।  দি বাজেট ওয়াজ মাইন, হাফলি পারফর্মড বাই এনাদার পার্সন।  সেখানে আমরা করেছিলাম। বাংলাদেশে একমাত্র ৮৩-৮৪ এর বাজেট পাবেন, যেখানে বাজেটের চেয় পারফরমেন্স বেটার। সেটা আবার প্রুভ করার কোনও প্রয়োজন নাই।

“যেটা আমি বলছি, গত ৭ বছরে বর্তমান সরকারের এভারেজ পারফর্মমেন্স হচ্ছে ৯৫ পারসেন্ট ইমপ্লিমেন্টেশন অব বাজেট। এখানকার পূর্ববর্তী এভারেজ ইজ সামহোয়ার ইন এইটিজ। নট ইভেন রিচিং এইটিএইট পারসেন্ট। মাচ বিলো দ্যাট লেভেল, এইটি টু।”

জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম কমলেও ডিজেল ও কেরোসিনের দাম তুলনামূলক কম কমানোর কারণ জানতে চাওয়া হয়েছিল অর্থমন্ত্রীর কাছে।

জবাবে আবুল মুহিত বলেন, “জ্বালানি তেলের দাম আমরা ঠিক করে দিয়েছি। এটি একটি চলমান প্রক্রিয়া। কারণ এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর উপদেশ নিয়েছি, তিনি আমাদের জ্বালানি মন্ত্রীর এখতিয়ারে আছেন।

“তবে তেলের আকর্ষিক দাম যে নামলো এটি একটু সাবধানে বিবেচনা করা উচিৎ। ইতিমধ্যে দাম ৫০ ডলার হয়ে গেছে। যে বেইজ প্রাইজের উপরে দাম নির্ধারণ করা হয়, বর্তমানে যে দাম হয়েছে সেখানে যাওয়া সঠিক হবে না।”

পুরনো খবর:

ইয়েস, উচ্চাভিলাষী: মুহিত