‘অদ্ভুত অর্থনীতি আমাদের!’
দেশের ব্যাংকিং খাতে আমানতের সুদের হার কমার পরও পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে না বলে বাংলাদেশের অর্থনীতিকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়েছেন এক ব্যাংকার।
ন্যাশনাল কমার্স অ্যান্ড ক্রেডিট (এনসিসি) ব্যাংকের ২৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ জেড এম সালেহ এই মন্তব্য করেন।
“বাংলাদেশের অর্থনীতি অদ্ভুত! পৃথিবীর অন্যান্য দেশে সুদের হার কমলে পুঁজিবাজার ভাল হয়। কিন্তু এখন দেশে সুদের হার অনেক কম। তারপরও দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আসছে না।”
দেশের ব্যাংকিং খাতে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা অলস পরে রয়েছে, যেগুলো শিগগিরই বিনিয়োগে আসার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন এই ব্যাংকার।
এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এখন ব্যাংকগুলোর কাছে নতুন কোনো বিনিয়োগের ঋণের প্রস্তাব আসছে না। পুরনো উদ্যোগই হয়তো কিছুটা বিস্তৃত হচ্ছে।
“যে গতিতে লেন্ডিং রেট কমেছে সেই গতিতে ডিপোজিট রেট কমেনি। তবে এখন আমরা ইতিবাচক ধারায় আছি।”
চলতি বছরের মার্চ পর্যন্ত এনসিসি ব্যাংক ১১ হাজার ১৮২ কোটি ৪৫ লাখ টাকা আমানত সংগ্রহের বিপরীতে ১০ হাজার ৭১৯ কোটি ৭৭ লাখ টাকার ঋণ বিতরণ করেছে বলে জানান তিনি।
গত বছর পর্যন্ত ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ৩৮৬ কোটি ৬২ লাখ টাকা ও পরিশোধিত মূলধন রয়েছে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকা।
এনসিসি ব্যাংকের আইটি বিভাগের প্রধান শামসুর রহমান ও ডিএমডি ফজলুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
