২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রবাসী শ্রমিকদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া উচিৎ’

কষ্টার্জিত শ্রমের অর্থ পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে দাঁড় করানো প্রবাসী শ্রমিকদের আসা-যাওয়ার পথে বিমানবন্দরে লাল-গালিচা সংবর্ধনা দেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন একজন সংসদ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

বিমানবন্দর থেকে শুরু করে দূতাবাসগুলোতে অবহেলার স্বীকার হন বলে এই শ্রমিকদের অভিযোগের মধ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন ইসরাফিল আলম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল বলেন, “আমাদের অর্থনীতির একটা বড় অংশ আসে রেমিটেন্স থেকে। সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে, তাদের অবদানের তুলনায় সেটা যথেষ্ট নয়।

“আমি মনে করি প্রবাসী শ্রমিকদের বিদায় দেওয়া এবং দেশে ফেরার সময় বিমানবন্দরে লাল-গালিচা সংবর্ধনা দেওয়া উচিৎ। তাদের জন্য বিমানববন্দরে আলাদা একটা ডেস্ক করা হয়েছ। সেটার বাইরেও আসা-যাওয়া নির্বিঘ্ন করা উচিৎ।”

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো অর্থ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে ১ হাজার ২২৪ কোটি ৭৪ লাখ ডলার রেমিটেন্স এসেছে। রেমিটেন্সের উপর ভর করেই বাংলাদেশের রিজার্ভ ২৮০০ কোটি ডলারের বেশি এখন।

‘ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন’ আয়োজিত ওই সেমিনারে কয়েকজন বক্তা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেন।

বক্তারা দেশে এসে প্রবাসীদের বিনিয়োগে বাধা দূর করা, বিদেশে মৃত শ্রমিককে দেশে পাঠানোর প্রক্রিয়া সরকারি ব্যবস্থাপনায় করা এবং প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করাসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

নিম্নতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ বলেন, “প্রবাসীরা দেশে এসে বিনিয়োগ করতে চায়। কিন্তু বিমানবন্দরে নামার পর থেকে তাদের হয়রানি শুরু হয়, যা বহাল থাকে দেশে অবস্থানকালীন পূর্ণ সময়ে। গ্রামের মানুষও চায় প্রবাসীর টাকা কীভাবে নষ্ট করা যায়।

“প্রবাসীরা ব্যাংকে টাকা রাখাকে নিরাপদ মনে করেন না। আর দেশে বিনিয়োগ করার সুযোগ বঞ্চিত হয়ে বিদেশে করছেন তারা, যার ফলে পানামা পেপার্সসহ বিভিন্ন ক্ষেত্রে অবৈধ বিনিয়োগের কথা আসছে।”

প্রণোদনামূলক কর্মসূচি নিলে প্রবাস থেকে বৈধভাবে অর্থ পাঠানো আরও বেড়ে দেশের অর্থনীতিতে তার ইতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন ইকতেদার।

“প্রতি ডলারে যদি ২-৫ টাকা প্রণোদনা দেওয়া হয় তাহলেও অফিসিয়ালি টাকা আসবে বিপুল পরিমাণে, যা দিয়ে কালোবাজারি বন্ধ হওয়ার পাশাপাশি কালোটাকার ছড়াছড়িও বন্ধ হবে।”

প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওসমান হোসাইন মনির বিদেশে কেউ মারা গেলে তার লাশ আনার ভোগান্তির কথাও বলেন। তিনি সরকারি উদ্যোগে লাশ আনার প্রস্তাব করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল আলম বলেন, “বৈধ পথে যারা বিদেশে শ্রমিক হিসাবে যায় তাদেরকে সরকারি উদ্যোগেই দেশে আনা হয়। দাফন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকার খরচ বহন করে থাকে। এর বাইরেও কোনো সুযোগ থাকলে উদ্যোগ আমরা নেব।”

প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার পক্ষেও মত জানান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী, মো. শাহজাহান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ বক্তব্য দেন।