২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা: এনবিআর প্রধান

রাজস্ব আদোয় বাড়াতে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 09:37 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

অর্থবছরের শেষ দিকে এসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২৬ হাজার কোটি টাকার বেশি কমানোর পর এই ঘোষণা দিলেন এনবিআর প্রধান।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, “যেসব সৎ ব্যবসায়ী তাদের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতার সাথে নিয়ম মাফিক পরিচালনা করছেন তাদেরকে ‘বিশ্বস্ত অংশীজন এবং অংশীদার’ হিসেবে বিবেচনা করা হবে।

“অপরদিকে যেসব ব্যবসায়ী ছল-চাতুরি ও অসৎ কৌশল অবলম্বনের মাধ্যমে রাষ্ট্রকে ন্যায্য রাজস্ব পাওনা থেকে বঞ্চিত করেছেন তাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।

কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ায় সম্প্রতি এই লক্ষ্যমাত্রা ২৬ হাজার ৩৭০ কোটি টাকা কমিয়ে এক লাখ ৫০ হাজার কোটি টাকায় নামিয়ে এনেছে এনবিআর।

তবে অর্থবছরের নয় মাসে অর্থাৎ জুলাই-মার্চ সময়ে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।

বিজ্ঞপ্তিতে করদাতা-বান্ধব এবং রাজস্ব-বান্ধব পরিবেশ বজায় রাখাতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান কয়েকটি দিক-নির্দেশনাও দিয়েছেন।

>>সৎ ব্যবসায়ীদের জাতীয় রাজস্ব বোর্ড ‘বিশ্বস্ত অংশীজন এবং অংশীদার’ হিসেবে বিবেচনা করবে; অসৎ কৌশল অবলম্বনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে  কঠোর ব্যবস্থা।

>>ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউসিও) এর উদ্ভাবিত ও অন্যান্য সদস্য রাষ্ট্র কর্তৃক অনুসৃত বিশ্বমানের নীতিমালার আলোকে শুল্ক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

>>রাজস্ব সংগ্রহের কাজে নিয়োজিত যেসব কর্মকর্তা-কর্মচারী করদাতা-বান্ধব দৃষ্টিভঙ্গী ও পেশাদারিত্বসুলভ মনোভাব নিয়ে কাজ করছেন তাদের উৎসাহ দিতে বৈদেশিক প্রশিক্ষণ, উপযুক্ত পদে পদায়নসহ বহুমাত্রিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে।

রংপুর ও চট্টগ্রামে কর ফাঁকিতে সহায়তা করায় তাৎক্ষণিকভাবে শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের কম গুরুত্বপূর্ণ পদে বদলির কথা তুলে নজিবুর রহমান বলেন, এনবিআর গৃহীত ‘সুশাসন এবং উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি’ অনুসরণের পাশাপাশি দুর্নীতি, হয়রানি, বিশৃঙ্খলা এবং অসদাচরণ থেকে বিরত থাকতে হবে।