বিশেষ অর্থনৈতিক অঞ্চলের তিন স্থান বাছাই ভারতের
বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ভারত তিনটি সম্ভাব্য স্থান চিহ্নিত করেছে বলে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে।
কলকাতাভিত্তিক ‘দ্য টেলিগ্রাফ’ বলছে, গত বছরের জুনে মোদীর বাংলাদেশ সফরের সময় ঠিক করে দেওয়া দুই দেশের একটি যৌথ প্রতিনিধি দল গত সপ্তাহে স্থান তিনটি ঠিক করে।
এগুলো হচ্ছে- কুষ্টিয়ার ভেড়ামারা, ঢাকার কেরানীগঞ্জ এবং চট্টগ্রামের মিরসরাই।
নরেন্দ্র মোদীর ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে অবিসংবাদিত সাফল্য অর্জনে’র তাগিদ থেকে ভারত এ ধরনের বিনিয়োগে এগিয়ে আসছে বলে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশ সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা নিয়েছে। তাতে ভারতকে বিনিয়োগের প্রস্তাবও দেওয়া হয়।
বাংলাদেশ এর আগে ভারতকে দুটি অঞ্চল দিতে চাইলেও এ সংখ্যা তিন এ উন্নীত হওয়াকে দুই দেশের মধ্যে কৌশলগত ঐক্যের প্রতিফলন বলে মনে করছে টেলিগ্রাফ।
প্রতিবেদনে পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনা সরকারের ‘চলমান টানাপোড়েনের’ সময়ে ঢাকা-নয়া দিল্লির এই ঐক্যকে ‘মজবুত কূটনৈতিক বন্ধনের’ ঈঙ্গিত হিসেবে দেখানো হয়েছে।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর ঢাকা-ইসলামাবাদ কূটনৈতিক লড়াই চলছে। নয়া দিল্লি নিজামীর ফাঁসিকে স্বাগত জানিয়েছে।
অর্থনৈতিক অঞ্চল নিয়ে সিদ্ধান্ত দুই দেশের তৃণমূল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বিকল্প একটি অর্থনৈতিক সংযোগ দাঁড় করাবে বলে আশা করছে ভারত, যা চীনের অর্থনৈতিক প্রভাববলয়কে খর্ব করবে বলে মনে করছে টেলিগ্রাফ।
প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগর, তৈরি পোশাকশিল্পের সস্তা শ্রম ও কাঁচামাল, ইলেকট্রনিক পণ্য এবং তথ্য প্রযুক্তি সেবা ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে মিলে দক্ষিণ এশিয়াভিত্তিক একটি বিপণন ব্যবস্থা চালু করতে চায় ভারত।
প্রতিবেদনে ‘গত কয়েক বছর ধরে বাংলাদেও তাদের নিজস্ব রপ্তানি পণ্যের বাজার সৃষ্টির কাজ করে চলছে’ জানিয়ে বলা হয়, ২০০৬ সালে বস্ত্রখাতে বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকলেও, গত বছর দুই-এ উঠে এসেছে।
বাংলাদেশের পোশাক শিল্পখাতে কাজ করা ৪০ লক্ষ শ্রমিকের হাত ধরেই দেশের সিংহভাগ রপ্তানি আয় আসে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ভারত ‘অনিচ্ছাকৃতভাবে’ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বাজারে ঢুকে পড়েছে, কেননা বাংলাদেশে উৎপাদিত বেশিরভাগ গার্মেন্ট পণ্যে যে তুলা ব্যবহার করা হয়, তা ভারত থেকেই আসে।
প্রতিবেদনে দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, চীনে শ্রমিক মজুরির পরিমাণ বেড়ে যাওয়ায়, ভারত--বাংলাদেশ যৌথভাবে তৈরি পোশাক খাতে আঞ্চলিক বিপণন ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং ইউরোপীয় ক্রেতাদের কাছ থেকে ‘বেশি দাম’ পেতে দরদাম করতে পারে।
