মংলা-ভেড়ামারায় আইইজেড প্রতিষ্ঠায় বৈঠক
দেশের দক্ষিণাঞ্চলে দুটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়েছে।
মঙ্গলবার ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশের আট প্রতিনিধি ও ভারতের অংশে ১০ জন প্রতিনিধি বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রতিনিধি দলে বাংলাদেশ অংশের নেতৃত্বে ছিলেন বেজার নির্বাহী সদস্য এস এম শওকত আলী। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয় রঙনাথান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকালে ২০১৫ সালের ৬ জুন বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ওই চুক্তির ৩ অনুচ্ছেদ অনুযায়ী এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে (বাংলাদেশের ৫ জন, ভারতের ৪ জন) একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।
মঙ্গলবার ছিল যৌথ প্রতিনিধি দলের প্রথম বৈঠক; প্রকল্প বাস্তবায়নে আরও বৈঠক হবে বলে বেজা জানিয়েছে।
বেজার নির্বাহী সদস্য এস. এম. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকল্পের অবকাঠামো নির্মাণে পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়েও কথা হয়েছে। আগামী ডিসেম্বরের আগেই পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদন হাতে পাওয়া যাবে।
“ইন্ডিয়ান ইকোনমিক জোনের খাতগুলো নিয়েও কথা হয়েছে। প্রকল্পে বাংলাদেশ সরকারের কী ধরনের অংশগ্রহণ থাকবে, ভারতের কী ধরনের অংশগ্রহণ থাকবে সেগুলো নিয়ে কথা হয়েছে।”
দীর্ঘ বৈঠক শেষে যেসব বিষয়ে দুই পক্ষ একমত হবেন তা নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও বেজার কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি অর্থনৈতিক অঞ্চলসহ আরও কিছু অঞ্চলের অবকাঠামো নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারেও বিভিন্ন আলোচনা হয়েছে। সমঝোতা চুক্তির শর্তগুলো বাস্তবায়নে যৌথ প্রতিনিধি দল নিয়মিত বসার বিষয়ে বৈঠকে দুই দেশ একমত হয়।
বাংলাদেশ অংশে বেজার নির্বাহী সদস্য এস. এম. শওকত আলী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মো. জাহাঙ্গীর আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক তারেক মো. আরিফুল ইসলাম, বেজার সচিব মোহাম্মদ আইয়ুব, বেজার জিএম মো. মোস্তাক হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি নিতাই পদ দাস, বেজা কর্মকর্তা মলয় চৌধুরি, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নাফিউল হাসান।
ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয় রঙনাথান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কে নগরাজ নাইডু, বাণিজ্য বিভাগের পরিচালক টি ভি রাভিসহ মোট ১০ জন।
