২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকজাত পণ্যে একই পরিমাণ করারোপ হচ্ছে

তামাকজাত পণ্যের ওপর মূল্যস্তর উঠিয়ে দিয়ে একই পরিমাণ করারোপ করার ইঙ্গিত দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 12:25 AM

Updated : 20 Aug 2022, 12:40 PM

সোমবার বিকালে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “মূল্যস্তর নিয়ে অর্থমন্ত্রী ইতোমধ্যে পরিষ্কার কথা বলেছেন। মূল্যস্তর আগামী বাজেটে থাকছে না, যদিও এটা ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি। তবে অপনারা নিশ্চিত থাকতে পারেন আগামীতে এটা থাকছে না।”

বর্তমানে তামাকপণ্যের ওপর চারটি মূল্যস্তর রয়েছে। তামাকপণ্যকে চারটি স্তরে ভাগ করে মূল্য নির্ধারণ করা হয়। এসব ভিন্ন ভিন্ন মূল্যস্তরের ওপর ভিন্ন ভিন্ন হারে করারোপ করা হয়ে থাকে।

মূল্যস্তর ভিত্তিক এই কর কাঠামোকে ‘জটিল’ দাবি করে একটি নির্ধারিত পরিমাণ করারোপ করার দাবি জানিয়ে আসছে তামাকবিরোধী সংগঠনগুলো।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাজেট ২০১৬-১৭: কেমন তামাক কর চাই’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠক হয়।

ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো এবং ‘প্রজ্ঞা’ সম্মিলিতভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

তামাক পণ্য নিরুৎসাহিত করার কৌশল হিসেবে এ ধরনের পণ্যের ওপর বর্তমানের ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আগামী বাজেটে ২ শতাংশে উন্নীত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।  

তিনি বলেন, “সরকারের সদইচ্ছা আছে। তাছাড়া তামাক পণ্য যে ক্ষতিকর এটা চিহ্নিত। এটাকে নিশ্চিহ্ন করার কৌশলটা নির্ধারণ করা যাচ্ছেনা নানা কারণে। তবে এটা ধীরে ধীরে হবে। যেহেতু প্রধাননমন্ত্রী তামাকমুক্ত দেশ করার ঘোষণা দিয়েছেন।

“তামাক পণ্যের ওপর বর্তমান ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ রয়েছে। আগামী বাজেটে তা ২ শতাংশে উন্নীত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বিট্রিশ অ্যামেরিকান টোব্যাকোর (বিএটিবি) সঙ্গে সরকারের শতকরা ১৩ ভাগ শেয়ার রয়েছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, “এটা সরকার কেনেনি। বিভিন্ন সরকারের মাধ্যমে (হেরিটেট) পর্যায়ক্রমে এসেছে।

“তবে এখান থেকে যে আয় হচ্ছে . . . , আর সেটা সরকার খাচ্ছে তা কিন্তু না। তবে এখান থেকে সরে আসার ইঙ্গিত রয়েছে।”

এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

বৈঠকে ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, “তামাক শিল্পের পেছনে কারা আছে, এটা দেখতে হবে। সরকারের শেয়ারের কারণে বড় বড় আমলারা তাদের সাথে বৈঠক করে আর বাইরে তামাক নিয়ন্ত্রণের কথা বলা হয়, এটা দ্বৈতনীতি। এটা চলতে পারেনা।

“এটা কিভাবে গুটিয়ে ফেলা যাবে এটাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।”

সাবের বলেন, “নীতি না থাকলে আইনের সঠিক প্রয়োগ হয় না। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার জন্য রোডম্যাপ দরকার। সেটা আমাদের করতে হবে।”

বৈঠকে সাংসদ আবদুল মতিন খসরু, সাংসদ মো. নবী নেওয়াজ,  খলীকুজ্জমান আহমদ, হোসেন জিল্লুর রহমান, ফরিদা আকতার, মোজাফ্ফর হোসেন, অরূপ রতন চৌধুরী, অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য ও জনস্বাস্থ্য) রোকসানা কাদের ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বক্তব্য রাখেন।

বৈঠকে মুক্ত আলোচনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী পাঠ্য পুস্তকে তামাকের কুফল এবং স্বাস্থ্য ঝুঁকি বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বলেন, “তা হলেই তামাকমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।”

এই গোলটেবিলে মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক ও প্রজ্ঞার সমন্বয়ক হাসান শাহরিয়ার।

জাতীয় অধ্যাপক আবদুল মালিকের সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) কো-কনভেনর নাদিরা কিরন।