২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ ৯ হাজার কোটি টাকার এডিপি প্রস্তাব

পরিবহন খাতকে গুরুত্ব দিয়ে আগামী ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ লাখ ৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন, যা এবারের চেয়ে ২০ হাজার কোটি টাকা বেশি।  

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী অর্থবছরের জন্য স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ প্রায় ১ লাখ ১৮ হাজার কোটি টাকার এডিপির প্রস্তাব এনইসিতে পেশ করা হবে।”

১ লাখ ১৮ হাজার কোটি টাকার মধ্যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর তহবিল থেকে ৯ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে ধরা হয়েছে।

চলতি অর্থবছরের জন্য সরকার ৯৭ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। পরে সংশোধন করে তা ৯১ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।

২০১৬-১৭ অর্থবছরের এ প্রস্তাব চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ এবং সংশোধিত এডিপির তুলনায় ২০ শতাংশ বেশি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আসছে অর্থবছরের জন্য প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার এডিপি গ্রহণের ইঙ্গিত এর আগে দিয়েছিলেন।

পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ৯২০০ টাকার এডিপি প্রস্তাবের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ থেকে ৬৩ ভাগ বা ৬৯ হাজার ২০০ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা থেকে ৩৭ ভাগ ৪০ হাজার কোটি টাকা জোগানের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে।

তিনি বলেন, “নতুন অর্থবছরে বড় প্রকল্পে অর্থায়নের জন্য পরিবহন খাতকে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে তুলনামূলকভাবে বিদ্যুৎ খাতে বরাদ্দ অনেক কমছে।”

আগামী অর্থবছরে সর্বোচ্চ ২৮ হাজার ৫০২ কোটি টাকা বা প্রায় ২৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে সড়ক পরিবহন ও মহা-সড়ক খাতের জন্য।

Image
ঢাকায় চলছে মেট্রোরেলের কাজ, যার জন্য বরাদ্দ থাকছে এডিপিতে

ঢাকায় চলছে মেট্রোরেলের কাজ, যার জন্য বরাদ্দ থাকছে এডিপিতে

এ বিষয়ে পরিকল্পনা সচিব বলেন, “মূলত পদ্মা সেতু, পদ্মার ওপর দিয়ে যশোর পর্য়ন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প, মেট্রোরেল ও দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্য়ন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পসহ আরও বেশ কিছু বড় প্রকল্প চলমান রয়েছে।

“এসব প্রকল্পে অর্থায়নের চাপ থেকেই এ খাতে সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।”

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিক্ষা ও ধর্মীয় খাতে। এ খাতটি পাচ্ছে ১৪ হাজার কোটি টাকা।

এর পরেই ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ন খাত। এ খাতটি পাচ্ছে ১৩ হাজার কোটি টাকা।

বিদ্যুৎ বিভাগের জন্য ১২ হাজার ৫৬৫ কোটি টাকা এবং পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন।