২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসউদ্দিন কমিটির পুরো প্রতিবেদন পেলে তখন প্রকাশ: মুহিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ‘খোয়া’ যাওয়ার ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিলেও ‘পূর্ণাঙ্গ  রিপোর্ট’ পাওয়ার আগে তা প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 02:27 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বৃহস্পতিবার  ঢাকার গুলশানে আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারসের (পিডব্লিউসি) বাংলাদেশ শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফরাসউদ্দিন কমিটির প্রাথমিক প্রতিবেদন পড়েছেন কীনা জানতে চাইলে মুহিত বলেন, “চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সাংবাদিকদের জানানো হবে।”         

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন ওই প্রতিবেদন জমা দেন। 

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি টেলিফোনে বলেন, “৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আমরা তাই দিয়েছি।”

এর সার-সংক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, “সেটাতো বলা যাবে না। আমরা সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছি। সরকারই আপনাদের (সাংবাদিকদের) জানাবে।”

প্রতিবেদনের বিষয়বস্তু জানতে চাইলে অর্থমন্ত্রী বুধবার রাতে সাংবাদিকদের বলেন, “এই রিপোর্ট তো তাদের অন্তর্বর্তী রিপোর্ট। আড়াই মাস পর তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। তখন বিস্তারিত বলা যাবে।”

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের গচ্ছিত ১০ কোটি ১০ লাখ ডলার গত ফেব্রুয়ারিতে ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয় ভুয়া বার্তা পাঠানোর মাধ্যমে। এরপর গত ১৫ মার্চ ৩ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে সরকার।

কমিটির অপর দুই সদস্য হলেন- বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব গকুল চাঁদ দাস।

কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, এ কমিটি বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট ইন্সট্রাকশন কীভাবে ও কার বরাবর গেল, অবৈধ পরিশোধ ঠেকানোর লক্ষ্যে গৃহীত পদক্ষেপের পর্যাপ্ততা, গোপন রাখার যৌক্তিকতা ও ব্যাংক কর্মকর্তাদের অবহেলা ছিল কি না এবং অর্থ উদ্ধারের সম্ভাবনা, গৃহীত কার্যক্রমের পর্যাপ্ততা ও পুনরাবৃত্তি রোধে গৃহীত ব্যবস্থা খতিয়ে দেখবে।