চট্টগ্রামে এলপিজি টার্মিনাল নির্মাণে ভারতের সঙ্গে সমঝোতা
চট্টগ্রামে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল নির্মাণে সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের মধ্যে এ চুক্তি হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের আগে দুই প্রতিমন্ত্রীর মধ্যে পারস্পারিক জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
পরে সাংবাদিকদের বিপু বলেন, “ভারতের পক্ষ থেকে বাংলাদেশে এলপিজি টার্মিনাল করার প্রস্তাব এসেছে। এ বিষয়ে একটি এমওইউ স্বাক্ষর করেছি।”
তিনি বলেন, “আমরা একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করার প্রস্তাব পেয়েছি তাদের কাছ থেকে। সে প্রস্তাব অনুযায়ী, এলপিজি প্ল্যান্ট এখানে তৈরি হবে, টার্মিনাল তৈরি হবে। এবং সেই এলপিজি পাইপলাইনের মাধ্যমে ভারতের পূর্ব অংশে সরবরাহ করার সহযোগিতা তারা আমাদের কাছ থেকে চাচ্ছেন।”
ভারতের প্রতিমন্ত্রী বলেন, এ টার্মিনাল হলে দুদেশই লাভবান হবে। এর থেকে ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাংশের রাজ্যগুলোয় যেমন এলপিজি পাঠানো যাবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাও মেটানো যাবে।
ভারতের প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় আসাম থেকে পার্বতীপুরে জ্বালানি তেল আমদানির বিষয়েও আলোচনা হয় বলে জানান নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তেল নেব সেদেশ থেকে। পাইপলাইনের মাধ্যমেই আমরা নেব।”
ভারত খুলনা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বাংলাদেশের গ্যাস পাইপলাইন ব্যবহার করে পশ্চিমবঙ্গের উত্তরাংশে গ্যাস সরবরাহ করতে চাচ্ছে জানিয়ে বিপু বলেন, “এতে দুই দেশই উপকৃত হবে এবং আমরা দুই দেশই উইন উইন সিচুয়েশনে যেতে পারব।”
তিনি জানান, দুই দেশের সরকারি উদ্যোগে ভূমিতে এলএনজি টার্মিনাল করা যায় কি না- সে বিষয়েও আলোচনা হয়। আলোচনা হয়েছে খনি খাতে দক্ষ জনবল তৈরিতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও।
তৌফিক-ধর্মেন্দ্র বৈঠক
চট্টগ্রামে এলপিজি টার্মিনাল নির্মাণে সমঝোতা স্মারক সই হওয়ার আগে ভারতের কেন্দ্রীয় তেল ও গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় এক ঘণ্টার এই বৈঠক শেষে তৌফিক-ই-ইলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বালানি খাত সমৃদ্ধ করতে দুই দেশ যৌথ উদ্যোগের ভিত্তিতে যেসব প্রকল্প নিয়ে ভাবছে- তা কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভারত থেকে পাইপলাইনে ৫ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি প্রকল্পটি নিয়ে আলোচনা হয়েছে। পেট্রোবাংলাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ডিজেলের দাম নির্ধারণ করবে প্রতিনিধি দল।
“ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমাদের প্রধানমন্ত্রী প্রকল্পটির কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।”
কাজ এগুতে থাকলে ৩/৪ বছরের মধ্যে পাইপলাইন চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।
বৈঠকে চট্টগ্রামে এলপিজি টার্মিনাল নির্মাণ প্রকল্প সম্পর্কে আলোচনা হয় জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, “দুই দেশের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এই কোম্পানি গঠন করা হবে। বাংলাদেশ এবং উত্তর-পূর্ব ভারত (সেভেন সিস্টার) হবে এসব গ্যাসের বাজার।”
মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল নির্মাণ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। ওই টার্মিনাল নির্মাণে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলোর ‘মান’ বিবেচনায় একটি ‘শর্টলিস্ট’ করা হয়েছে, যাতে ভারতের একাধিক কোম্পানি রয়েছে।
জ্বালানি উপদেষ্টা জানান, সংক্ষিপ্ত ওই তালিকা থেকে চূড়ান্ত নিয়োগের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আলোচনা হয় আগামী শীত মৌসুমে বরিশাল অঞ্চলে নতুন গ্যাস ব্লক অনুসন্ধানের বিষয়েও।
