২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ ফেরত পেতে সহযোগিতা দেবে বিশ্ব ব্যাংক: শুভঙ্কর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ‘খোয়া’ যাওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 10:34 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং দুই ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংকের দুই বিশেষজ্ঞ কেভিন স্টিভেনসন ও পিয়ানি মালিক এই সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সন্ধ্যায় বৈঠক শেষে মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, সাইবার অ্যাটাকের মাধ্যমে রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ফিলিপিন্সে স্থানান্তর হওয়া অর্থ ফিরিয়ে আনতে সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

এ তৎপরতার অংশ হিসেবেই রোববার বিশ্ব ব্যাংকের দুই বিশেষজ্ঞের সঙ্গে গভর্নর ও দুই ডেপুটি গভর্নর বৈঠক করেছেন।

বিএফআইইউ’র (বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন তারা।

তিনি বলেন, “সব বৈঠকেই অর্থ ফেরত আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের দুই বিশেষজ্ঞ।”

শুভঙ্কর সাহা বলেন, বিশ্বব্যাংকের এই দুই কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এফআরবি (ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক), আরসিবিসি এবং ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন।

তিনি বলেন, ফিলিপিন্সে স্থানান্তরিত অর্থের কিছু আদায় হয়েছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে অর্থ জমা আছে। আইনি প্রক্রিয়া শেষে তা বাংলাদেশকে ফেরত দেবে ফিলিপিন্স।

এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলেন, “এখনও এফআরবির বিরুদ্ধে মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বাংলাদেশ ব্যাংক।”