চুরির টাকা ফেরত পাওয়ার আশায় বাংলাদেশ ব্যাংক
ফিলিপিন্স সিনেট কমিটিতে শুনানিতে নানা তথ্য বেরিয়ে আসায় রিজার্ভ চুরির অর্থ ফেরত পাওয়ার আশায় বুক বেঁধেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা মঙ্গলবার বিকালে সাংবাদিকদের বলেন, “হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই চীনা ব্যবসায়ীর নাম বলেছেন ফিলিপিনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং।
“ফিলিপিনো কেন্দ্রীয় ব্যাংক আমাদের কাছ থেকে যে সব তথ্য বা সহয়তা চেয়েছিল আমরা তা দিয়েছিলাম। তার পরিপেক্ষিতেই আসল ঘটনা উদঘাটন হচ্ছে। এ থেকে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের রিজার্ভ থেকে চুরি যাওয়া টাকা ফেরত আসবে।”
টাকা ফেরতের পাশাপাশি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শুভঙ্কর।
ফিলিপিন্সের একটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের আট কোটি ডলার লোপাট হওয়ার আলোচিত ঘটনাটি দেশটির সিনেট কমিটি তদন্ত করছে। এটি ফিলিপিন্সের ইতিহাসে অর্থ পাচারের সবচেয়ে বড় ঘটনা।
রিজার্ভ চুরির তদন্তে বাংলাদেশেও একটি কমিটি গঠন করেছে সরকার।
তদন্তের সর্বশেষ খবর জানতে সকাল থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে ছিলেন সাংবাদিকরা। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
অপেক্ষায় সাংবাদিকরা
গভর্নর ভবনের গেইটের সিঁড়িতে বসে ছিলেন সাংবাদিকরা। বিকাল পৌনে ৪টার দিকে শুভঙ্কর সাহা উপর থেকে নেমে এসে সাংবাদিকদের সঙ্গে ১০ মিনিট কথা বলে আবার উঠে যান।
রিজার্ভ চুরির ঘটনাটি ফাঁস হওয়ার পর থেকে সাংবাদিকদের ব্যাংকের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সাংবাদিকরা সমস্যার কথা জানালে শুভঙ্কর সাহা বলেন, “বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমাকে বলা হয়েছে, আইডি কার্ড দেখিয়ে আগের মতোই যে কোনো সাংবাদিক ভেতরে প্রবেশ করতে পারবেন। কিন্তু কেন যে ঢুকতে দেওয়া হচ্ছে না,তা আমি বুঝতে পারছি না।”
এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আবার কথা বলার প্রতিশ্রুতি সাংবাদিকদের দিয়ে যান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।
তদন্তে ল্যাপটপ জব্দ
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাপ্তরিক কাজের জন্য বরাদ্দ করা সব ল্যাপটপ রিজার্ভের অর্থ চুরির তদন্তের আওতায় আনা হচ্ছে। এ কারণে সব কর্মকর্তার কাছ থেকে ল্যাপটপগুলো জমা নেওয়া হচ্ছে।
বুধবারের মধ্যে সব কর্মকর্তার ল্যাপটপ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বা আইটি অপারেশন্স ও কমিউনিকেশন্স বিভাগে জমা দেওয়ার দাপ্তরিক আদেশ জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে সোমবার জারি করা দাপ্তরিক আদেশে বলা হয়েছে, চলমান তদন্তের স্বার্থে ব্যাংকের সব কর্মকর্তার ল্যাপটপ সংগ্রহ করে ‘সিকিউরিটি এজেন্ট’ স্থাপন বা ইনস্টল করে নেটওয়ার্কে চলমান রাখা প্রয়োজন।
শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, “কর্মকর্তাদের ব্যবহারের জন্য সরবরাহ করা ল্যাপটপগুলোতে ইন্টারনেট সংযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে একটি সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে, তাতে ল্যাপটপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা দরকার।”
