চোরাই রিজার্ভ উদ্ধারে যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সকে চিঠি
চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকসহসহ চারটি কার্যালয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গর্ভনর পদে ফজলে কবিরের যোগদানের পর ওই চিঠি দেওয়া হয় বলে রোববার সাংবাদিকদের জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নেন্সের চেয়ারপারসন জেনেট ইয়েলেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিন্সের গভর্নর আমানদো এম তেতাংকো জুনিয়র এবং দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রধান জুলিয়া সি বেকি-আবাদকে এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর বলেন, “সম্প্রতি পাঠানো এ চিঠিতে অর্থ উদ্ধারে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে অর্থ উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”
তিনি বলেন, “ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে কোন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি করা হয়েছে- তার ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ক্যারেলিন বি লেলোনি।”
গভর্নর ফজলে কবির রোববার বাংলাদেশ ব্যাংকের সব মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন জানিয়ে শুভঙ্কর সাহা বলেন, “তিনি কর্মকর্তাদের আইটি নিরাপত্তা বাড়ানোর বিষয়ে জোর দিতে বলেছেন।”
এ ধরনের ঘটনা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি অনুযায়ী কাজ করে জনগণের আস্থা অর্জনে গভর্নর মহাব্যবস্থাপকদের কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
৪ ফেব্রুযারি রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ হাতিয়ে নেয় একটি চক্র। এর মধ্যে শ্রীলঙ্কায় পাচার ২ কোটি ডলার উদ্ধার হয়েছে। ফিলিপিন্সে পাচার ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারের চেষ্টা চলছে।
এ ঘটনা বেশ কিছু দিন চেপে রাখায় ব্যাপক সমালোচনার মুখে গত ১৫ মার্চ গভর্নরের পদ ছাড়েন আতিউর রহমান। পরদিন গভর্নর হিসেবে নিয়োগ পান সাবেক অর্থ সচিব ফজলে কবির। কাজে যোগদানের পর অর্থ উদ্ধারকে অগ্রাধিকার দিয়ে একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।
