২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের ট্রেজারি কর্মীদের পাসপোর্টের অনুলিপি সংরক্ষণের নির্দেশ

এখন থেকে ব্যাংকগুলোর ট্রেজারি ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পাসপোর্টের অনুলিপি সংরক্ষণের জন্য ব্যাংক চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

বুধবার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে ব্যাংক খাতের নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়ে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, “গভর্নর মহোদয় ব্যাংকগুলোকে সতর্ক হতে বলেছেন।

“যারা ট্রেজারি বিভাগ ও ফান্ড ম্যানেজমেন্ট বিভাগে কাজ করে তাদের পাসপোর্টের কপি ও বিস্তারিত পরিচয়ের তথ্য সংরক্ষণের জন্য বলেছেন। একইসাথে এসব বিভাগে জনবল পদায়নের (পোস্টিং) ক্ষেত্রে খোঁজখবর নিয়ে ‘জেনে-বুঝে’ দেওয়ার কথা বলেছেন।”

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাকে ‘বড় ধরনের বিপর্যয়’ আখ্যায়িত করে বিএবি চেয়ারম্যান বলেন, “ইটস অ্যা ব্যাড ইনসিডেন্ট, ব্ল্যাক ইনসিডেন্টও বটে। এটা একটি বড় ধরনের ঘটনা। টাকার অংক যাই হোক আটশ বা এক  কোটি, রিজার্ভের টাকা উদ্ধার হবে- এটাই আমাদের আশা।”

ফেব্রুয়ারির শুরুর দিকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আটশ কোটি ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা সম্প্রতি প্রকাশিত হলে প্রবল চাপের মধ্যে গভর্নরের পদ ছাড়েন আতিউর রহমান। এরপর সাবেক অর্থসচিব ফজলে কবিরকে গভর্নর করা হয়।

নতুন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এটিএম জালিয়াতি নিয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, “যা হবার হয়ে গেছে, আর হবে না। অনেকের পানিশমেন্ট হয়ে গেছে, অনেকের হবে।”

প্রতিনিধি দলে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ কয়েকজন উপস্থিত ছিলেন।