২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৫ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনুমতি

বেসরকারি খাতে ৭৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রামের জুলদা, পটিয়া ও আনোয়ারা এবং রংপুরের গঙ্গাচড়া ও ভোলায় এসব বিদ্যুৎকেন্দ্র হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, চট্টগ্রামের জুলদায় ফার্নেস অয়েলভিত্তিক ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে অ্যাকর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেড।

চট্টগ্রামের পটিয়ায় ফার্নেস অয়েলভিত্তিক ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে প্রিসিশন এনার্জি লিমিটেড।

এছাড়া ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেড চট্টগ্রামের আনোয়ারায় ফার্নেস অয়েলভিত্তিক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।

অতিরিক্ত সচিব জানান, চট্টগ্রামের নতুন তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে ১৫ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার। প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের দাম ধরা হয়েছে ১৪ টাকা ৭০ পয়সা।

মোস্তাফিজুর জানান, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৩০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্রটি যৌথভাবে স্থাপনের কাজ পেয়েছে ইন্ট্রাকো সিএনজি লিমিটেড ও জুলি নিউ এনার্জি কোম্পানি লিমিটেড।

এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ১২ টাকা ৮০ পয়সায় ২০ বছর মেয়াদে বিদ্যুৎ কিনবে সরকার।

ভোলায় ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ডুয়েল-ফুয়েল বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের কাজ পেয়েছে শাপুরজি পালোনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল কোম্পানি লিমিটেড।

এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২২ বছর মেয়াদে প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৩ টাকা ১৯ পয়সা (গ্যাসে) ও ১৩ টাকা ৫৭ পয়সায় (ডিজেলে) বিদ্যুৎ কেনা হবে।

অতিরিক্ত সচিব জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের সংস্কার প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ ১ হাজার ৫৪৪ কোটি ৫৮ লাখ টাকায় এই সংস্কার কাজ পেয়েছে।

এছাড়া বিল্ড-ওউন-অপারেট (বিওও) ভিত্তিতে কালিয়াকৈরে ১৪৯ মেগাওয়াট এইচএফও/গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের লিড অ্যান্ড অপারেটিং সদস্য পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মোস্তাফিজুর জানান, প্রথমে শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠান এই কাজ পেলেও এখন সামিট পাওয়ার লিমিটেডকে দেওয়া হয়েছে।

এই বিদ্যুৎকেন্দ্র থেকে ৪ টাকা ৫২ পয়সা দরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে সরকার।

অতিরিক্ত সচিব জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় ম্যানেজমেন্ট, ডিজাইন ও সুপারভিশন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। ১৫৫ কোটি ৩ লাখ টাকায় কাজটি পেয়েছে মট ম্যাগডোনাল্ড লিমিটেড।