আর্থিক প্রতিষ্ঠান সিভিসিএফএল’র যাত্রা শুরু
আর্থিক প্রতিষ্ঠান সিএপিএম ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের (সিভিসিএফএল) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান নতুন ধারার এই আর্থিক প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনীতে গভর্নর বলেন, “গতিশীল ও অন্তভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উৎপাদনমুখী সব খাতে পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। একই সাথে দরকার সব ধরনের জনগণের দোরগোড়ায় আর্থিক সেবা পৌছানো।”
বিশ্বের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, তহবিল, ব্যাংক ও পারিবারিক উৎস থেকে ‘প্রাইভেট ইক্যুইটি’ ও ‘ভেঞ্চার ক্যাপিটাল’ সংগ্রহে বৈধ পেশাদার কর্পোরেট প্রতিষ্ঠান থাকা প্রয়োজন মন্তব্য করে এসব দিক বিবেচনায় সিভিসিএফএল’কে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গভর্নর তার বক্তব্যে প্রতিষ্ঠানটিকে এগিয়ে যেতে সহযোগিতা করার আশ্বাসের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-কানুন পরিপালনের জন্য পরামর্শও দেন।
আতিউর রহমান বলেন, “আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংকের সমর্থন থাকবে সবসময়। কিন্তু কোনো বিধি-বিধান লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হব না।”
দীর্ঘ মেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা ও ফার্মসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগকারীদের দ্বারা অর্থায়ন ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে পরিচিত।
৫৬ ভাগ প্রাতিষ্ঠানিক ও ৪৪ ভাগ ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সাধারণ বিমা কর্পোরেশন, খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড, আমানত শাহ উইভিং প্রসেসিং লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, পদ্মা গ্লাস লিমিটেড ও কৌলুন ক্যাপিটাল লিমিটেড রয়েছে।
১০৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই প্রতিষ্ঠানে এসব প্রতিষ্ঠান ছাড়া শেয়ারহোল্ডার হিসেবে রয়েছেন নয় জন ব্যক্তি বিনিয়োগকারী।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় খোলা হয়েছে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কের গ্রিন গ্রানজার টাওয়ারে।
দেশের ৩৩তম এই আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাহমুদ হোসাইন। যিনি বর্তমানে এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
মাহমুদ হোসাইন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএপিএমের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি দীর্ঘদিন জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার পর ২০১১ সালে দেশে ফিরে এই সিএপিএম গড়ে তোলেন। এছাড়া সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড ও সিএপিএম ফাইন্যান্সিয়াল ট্রেনিং ইনস্টিটিউটসহ কয়েকটি প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা তিনি।
মাহমুদ হোসাইন বলেন, “বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে বিনিয়োগ বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়ানোর জন্য দরকার মূলধন।
“আমরা সেই মূলধন যোগানের কিছু কাজ করতে চাই। আমরা প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কাজ করব। জানি এটা চ্যালেঞ্জিং, আবার এক্সসাইটিংও।”
উদ্বোধনীতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
