প্রাক-যোগ্যতা সনদ পেল আমান অর্থনৈতিক অঞ্চল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমান অর্থনৈতিক অঞ্চলকে প্রাক-যোগ্যতা সনদ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বেজা কার্যালয়ে আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে এই সনদ তুলে দেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
চার বছর আগে পুঁজিবাজারে আসা কোম্পানিটি পোল্ট্রি শিল্প, জুটমিল, সিমেন্ট কারখানা, কাপড় ও পোশাকসহ বিভিন্ন শিল্প-কারখানা পরিচালনা করছে। সোনারগাঁয়ের বৈড্ডারবাজারে মেঘনা নদীর তীরে প্রায় ৯০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চলটি করছে আমান গ্রুপ।
কর্মকর্তারা জানান, নতুন অর্থনৈতিক অঞ্চলে সিমেন্ট কারখানা, প্যাকেজিং, শিপইয়ার্ড, ফুড ও ভেবারেজ, ইলেকট্রনিকস, স্টিল ও আইটি শিল্প স্থাপন করার পরিকল্পনা রয়েছে। বিদেশিরাও ‘অত্যাধুনিক’ এই অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগ করবে।
অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, যেকোনো উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি ও বিদেশি অংশীদারদের একযোগ কাজ করতে হয়। সব শঙ্কা অতিক্রম করে বাংলাদেশ সেদিকেই অগ্রসর হচ্ছে।
“বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ থেকেই বিদেশি বিনিয়োগ সরে যাচ্ছে। অনেক দেশে মজুরি ও ব্যয় বেড়ে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে দেশে শিল্প-কারখানা প্রতিষ্ঠা ও কর্মসংস্থান বাড়াতে হবে।”
আমান গ্রুপের নির্বাহী চেয়ারম্যান রফিকুল বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজের দীর্ঘসূত্রতার অভিযোগ শোনা গেলেও শিল্পের প্রসারে বেজার ভূমিকা অভূতপূর্ব। অনেক ক্ষেত্রে বেসরকারি খাতের চেয়েও এগিয়ে আছে সরকারি এই প্রতিষ্ঠান।
নতুন প্রকল্পে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে জানিয়ে তিনি বলেন, “আমান গ্রুপের কারখানায় শতভাগ পরিবেশবান্ধব উপায়ে নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। দ্রুত গ্যাস সংযোগ পেলে সেখানেও একই ধরনের ব্যবস্থা গড়ে তোলা হবে। বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবেন।”
দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের সম্ভাবনাময় এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ২০১০ সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন করে সরকার।
আইনের আওতায় এর আগে চারটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য এ কে খান গ্রুপ, আবদুল মোনেম গ্রুপ, মেঘনা গ্রুপ ও বে গ্রুপকে প্রভিশনাল প্রাক-যোগ্যতাপত্র দিয়েছে বেজা।
দ্রুততম সময়ে মধ্যম আয়ের দেশে উন্নীত এবং বার্ষিক রপ্তানি আয় আরও ৪০ বিলিয়ন ডলার বৃদ্ধি ও এক কোটি কর্মসংস্থান পরিকল্পনা বাস্তবায়নে সরকার বেসরকারি খাতকে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালুর অনুমোদন দেবে বলে জানান বেজার কর্মকর্তারা।
