বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগে আসুন: প্রধানমন্ত্রী
বদলে যাওয়া আত্মবিশ্বাসী বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অর্থলগ্নির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আশাবাদী এ কারণে যে, আজকের যে বাংলাদেশ, তা অর্ধদশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
“বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। যে কোনো অসাধ্য সাধনে অনেক বেশি আত্মপ্রত্যয়ী, সংকল্পবদ্ধ।”
নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিশেষজ্ঞ এবং সর্বোপরি সাধারণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে এটা সম্ভব হয়েছে বলে জানান শেখ হাসিনা।
রাজধানীর হোটেল র্যাডিসনে এই সম্মেলনে দেশি-বিদেশি কয়েকশ’ বিনিয়োগকারী অংশ নিয়েছেন।
গত সাত বছরে ছয় শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ব্যক্তি খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের দক্ষতা বেড়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা তৈরি হয়েছে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সক্রিয় অংশীদার হওয়ার এখনই যথার্থ সময়।
“কোথাও কোথাও হয় তো এখনও আমাদের খানিকটা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা সেসব সীমাবদ্ধতা দ্রুততার সাথে দূর করতে সক্ষম হব।”
শেখ হাসিনা বলেন, “বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমি আপনাদের, বিশেষ করে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে, আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
“আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই আমাদের কাম্য। বাংলাদেশে আপনার বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত।”
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এসময় তিনি প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথাও তুলে ধরেন।
“আমাদের রয়েছে বিপুল সংখ্যক যুব কর্মশক্তি। বিশাল বাজার, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যক্তি স্বাধীনতা এবং সুদৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থা।
“কার্যকর বাজার অর্থনীতির যথাযথ ব্যবহারের জন্য আমরা ব্যবসাবাণিজ্য ও বিনিয়োগ প্রসারে প্রয়োজনীয় পরিবর্তন ও পদ্ধতিগত সরলীকরণ করেছি।”
প্রতিবেশীদের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা হয়েছে বলে জানান সরকারপ্রধান।
বিদেশি বিনিয়োগকারীদের প্রণোদনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা সব ধরনের বেসরকারি বিনিয়োগে রাজস্ব এবং রাজস্ব-বহির্ভূত আকর্ষণীয় প্রণোদনা দিচ্ছি।
“বিনিয়োগকারীদের প্রবেশ এবং বহির্গমন সহজ করা হয়েছে এবং তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজেই দেশে নিয়ে যেতে পারেন।”
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এসএ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, আজিয়াটা লিমিটেডের দক্ষিণ এশিয়া প্রধান নির্বাহী কর্মকর্তা হানস বিজয়াসুরিয়া, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
