২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকে নিরীক্ষা চায় ম খা আলমগীরের সংসদীয় কমিটি

মহীউদ্দীন খান আলমগীরের ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মধ্যে তার নেতৃত্বাধীন সংসদীয় একটি কমিটি সংবাদপত্রে প্রকাশিত একটি খবরের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে নিরীক্ষা চেয়েছে।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 11:36 AM

বাংলাদেশ ব্যাংক নিয়ে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব কমিটির রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় এই কমিটির সভাপতি, ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর।

রুস্তম আলী ফরাজী ছাড়াও কমিটির সদস্য আফসারুল আমীন, রেবেকা মোমিন, এ কে এম মাঈদুল ইসলাম বৈঠকে অংশ নেন।

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।

ব্যাংক খাত নিয়ে কমিটির আগামী বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানকেও ডাকবে বলে ফরাজী জানিয়েছেন।

Image
মহীউদ্দীন খান আলমগীর

মহীউদ্দীন খান আলমগীর

সাবেক মন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর মালিকানাধীন ফারমার্স ব্যাংকে শত শত কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ার পর গত সপ্তাহে ব্যাংকটিকে নিবিড় নজরদারিতে আনে কেন্দ্রীয় ব্যাংক। কাজ শুরুর তিন বছর না গড়াতেই বেসরকারি ব্যাংকটিতে বসানো হয় পর্যবেক্ষক।

তার চার দিনের মধ্যে হিসাব কমিটির বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের প্রসঙ্গটি আসে, যার সূত্রপাত ঘটে সৈয়দ আশরাফের বক্তব্য নিয়ে।

শনিবার কিশোরগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্যে ব্যাংক ঋণের চড়া সুদের সমালোচনার এক পর্যায়ে আশরাফ বলেছিলেন, “যেমন বাংলাদেশ ব্যাংক ইজ সাফারিং ফ্রম জন্ডিস, অর্থমন্ত্রীসহ অর্থ মন্ত্রণালয় ইজ সাফারিং ফ্রম জন্ডিস। তাদের কোনো আউটলুকই নেই।”

বৈঠক শেষে ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পত্রিকায় এরকম একটি খবর এসেছে যে, ব্যাংলাদেশ ব্যাংকের জন্ডিস হয়েছে। ওই নিউজটি আমাদের কমিটির এক সদস্য বৈঠকে উপস্থাপন করেন। তখন কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

“কমিটি বলেছে, বাংলাদেশ ব্যাংক নিয়ে যখন একটা কথা উঠল, তাহলে তার কার্যক্রম নিয়ে আলোচনা করা দরকার। এজন্য অডিট অফিসকে বলা হয়েছে একটি রিপোর্ট দেওয়ার জন্য।”

Image
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

বৈঠকে উপস্থিত সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতীয় পার্টির সদস্য মাঈদুল ইসলাম বিষয়টি তুলেছিলেন।

এ বিষয়ে মাঈদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কথা বলা যায়নি সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গেও।

এই বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তৃতার উপর ১৭ জানুয়ারি ২০১৬ খ্রিঃ তারিখে ‘বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জন্ডিসে ভুগছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের উপর আলোচনা হয়।

“সে আলোকে বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের উপর অডিট অফিসকে একটি বিশেষ অডিট পরিচালনা করে রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে কমিটি।”

পুরনো খবর:

শত শত কোটি টাকা অনিয়মের পর ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ