২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য কমাতে ‘জনকেন্দ্রিক’ উন্নয়নের পরামর্শ

দারিদ্র্য কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নয়ন ব্যবস্থা ‘জনকেন্দ্রিক’ করার পরামর্শ এসেছে একটি মতবিনিময় সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 03:34 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

রোববার খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ওই সভায় বক্তারা বলেন, দেশে যে হারে উন্নয়ন হচ্ছে, সেই অনুপাতে দারিদ্র্য কমছে না। ফলে সম্পদ বৈষম্য বাড়ছে। এতে অতি দরিদ্রদের খাদ্য নিরাপত্তাহীনতাও বাড়ছে।

জাতীয় প্রেস ক্লাবে ‘সামজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও জাতীয় সামাজিক সুরক্ষা কৌশল: খাদ্য অধিকার প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিময় সভার প্রধান আলোচক ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।

তিনি বলেন, “পাহাড়, হাওড়, বাওড় ও নদীভাঙ্গন এলাকায় বসবাসরত দরিদ্র এবং দলিত, পরিচ্ছন্নতা কর্মী, চা-শ্রমিক ও প্রতিবন্ধীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে। বয়স্কদের অবস্থাও করুণ, শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও বয়স্করা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

“এসব মানুষের ঝুঁকি কমাতে হলে জনকেন্দ্রীক উন্নয়ন ঘটাতে হবে। কয়েকজনের উন্নয়নের মাধ্যমে মোট উন্নয়ন হবে, কিন্তু দারিদ্র্য কমবে না। দারিদ্র্য কমাতে হলে উন্নয়ন হতে হবে জনকেন্দ্রিক।”

দেশে সম্পদ বৈষম্য বাড়ছে জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, “শুধু ন্যায়পথে সম্পদ বৈষম্য বাড়ছে তা নয়, দখলদারিত্বের ভিত্তিতেও সম্পদ বৈষম্য বাড়ছে। পানি, নদী, খাল, ভূমি, বনাঞ্চল, ব্যাংক দখল হচ্ছে। বৈষম্য না কমলে দারিদ্র্য কমানো যাবে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক এম এম আকাশ বলেন, “২০১০ থেকে ২০১৫ সাল পর‌্যন্ত এক পার্সেন্ট হারে দারিদ্র্য কমেছে। এভাবে দেশকে উন্নত করতে অনেক সময় লেগে যাবে। এর দ্বিগুণ হারে দারিদ্র্য কমানোর ব্যবস্থা করতে হবে।”

এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, “তবে বরাদ্দ বাড়ানোর আগে প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করা দরকার। এখন এই কর্মসূচির মধ্যে যেগুলো সরাসরি খাদ্য নিরাপত্তায় জড়িত, ভিজিডি, ভিজিএফ, কাবিখা এগুলোতে অনেক সমস্যা আছে।

“যাদের এসব দরকার তারা অনেকে অন্তর্ভুক্ত হতে পারছে না। সরকারও স্বীকার করেছে এসব কর্মসূচির মধ্যে ২৬ ভাগ লোক আছে অনুপযুক্ত। দুর্নীতির কারণে তারা ঢুকে পড়ছে।”

যারা এসব কর্মসূচিতে থাকতে পারছে না, তাদের জন্য বা সবার জন্য ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেলসহ মৌলিক পণ্যে রেশন ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।

বিআইডিএসের গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান খাদ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে আয়োজক সংস্থার সম্পাদক মহসিন আলী বলেন, “সরকার ব্যাপক কর্মসূচি চালালেও দরিদ্রদের ৬৪ শতাংশ বা দুই কোটি ৪৬ লাখ মানুষ কোনোটিরই সুবিধা পায় না।

“এসব কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে প্রকৃত উপকারভোগী নির্বাচন, বরাদ্দ অনুযায়ী খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় না।”

দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠী রোগ-শোক, বেকারত্ব, সম্পদহীনতা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক বিপর্যয় ও বৈশ্বিক মন্দার সম্মুখীন হয়, যা তাদের আরও দারিদ্র্যের দিকে ঠেলে দেয় বলে মন্তব্য করেন তিনি।

অতিদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য অধিকার প্রতিষ্ঠায় ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি এবং তা বাস্তবায়নে জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলের’ ভূমিকা পর‌্যালোচনা করে এখনই ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন মহসিন আলী।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সামষ্টিক অর্থনেতিক পরিস্থিতি নিয়ে তৈরি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে এখন তিন কোটি ৮৫ লাখ মানুষ দরিদ্র। এরমধ্যে এক কোটি ৫৭ লাখ মানুষ অতিদ্ররিদ্র, যা মোট জনসংখ্যার ১০ দশমিক ৬৪ শতাংশ।

চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি খাতে সরকার তিন হাজার ৭৫০ কোটি ৪৬ লাখ টাকা বা মোট বাজেটের ১১ দশমিক ৪০ শতাংশ বরাদ্দ রেখেছে, যা জিডিপির ২ দশমিক ১৯ শতাংশ।

২১টি মন্ত্রণালয়ের ১৪৫ ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে সরকার এ বরাদ্দ রেখেছে।