বেতন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলন স্থগিত
গভর্নর আতিউর রহমানের আশ্বাস পেয়ে অষ্টম বেতন কাঠামো নিয়ে তিন দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ বাংকের কর্মকর্তারা।
সোমবার আন্দোলন স্থগিত করার এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।
তিনি বলেন, “রোববার গভর্নর মহোদয়ের সঙ্গে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আগামী ২৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় আমাদের দাবি-দাওয়া উত্থাপন করা হবে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তা সুরাহা করা হবে।
“গভর্নরের এ আশ্বাসের পর আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।”
অষ্টম বেতন কাঠামো সংশোধন করে সহকারী পরিচালকদের গ্রেড উন্নয়ন ও নির্বাহী পরিচালকদের গ্রেড-১ এর মর্যাদা দেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে রয়েছেন বাংলাদেশ বাংকের কর্মকর্তারা।
আগের দিন কেন্দ্রীয় ব্যাংক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে এক অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ।
আদেশে বলা হয়,“বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত (কি পয়েন্ট ইন্সটলেশন) প্রতিষ্ঠান। এর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য। এমতাবস্থায়, জনসাধারণের যাতায়াতে যেন কোন ব্যঘাত সৃষ্টি না হয় সে লক্ষ্যে মূল গেইটসহ সব প্রবেশ পথে কোনো ধরনের জটলা বা সমাবেশ করা যাবে না। লিফট চলাচলসহ সব সেবা প্রদানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।”
একই দিন সন্ধ্যায় আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিলেও সব স্তরের কর্মকর্তাকে তা জানায়নি নেয় অফিসার্স কাউন্সিল।
কাউন্সিলের সাধারণ সম্পাদক এ বিষয়ে বলেন, “রোববার শেষ সময়ে নেওয়া এসব সিদ্ধান্তের বিষয়ে বেশিরভাগ কর্মকর্তা অবহিত করার সুযোগ ছিল না।”
এদিকে সোমবার সকালে অফিসে এসে অধিকাংশ কর্মকর্তা পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গেলে র্যাব-পুলিশ তাদেরকে হটিয়ে দেয়। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা হকচকিয়ে যান; ক্ষোভপ্রকাশ করেন অনেকে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটো গেটের সামনে শতাধিক র্যাব-পুলিশ অবস্থান নেয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নিরাপত্তা প্রহরীরাও সতর্ক অবস্থান নেয়।
কর্মকর্তারা প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কোনো ধরনের জটলা না পাকানোর অনুরোধ করেন। কিছু কর্মকর্তা ভেতরে গিয়ে জড়ো হলেও তাদেরকে নিজ নিজ দপ্তরে চলে যেতে বলা হয়।
এরপর নিজ কার্যালয়ে গিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধের বিষয়টি সবাই জানতে পারেন। তখন একে-একে কর্মকর্তারা এসে জড়ো হন বাংলাদেশ ব্যাংক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে। সেখানে উপস্থিত অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতাদের সামনে এ বিষয়ে ক্ষোভপ্রকাশ করেন তারা।
এর আগে রোববার সকালে ‘গেইট গ্যাদারিং’ কর্মসূচির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়। এসময় আইএমএফের কান্ট্রি ডিরেক্টরের গাড়ি বাংলাদেশ ব্যাংক চত্বরে ঢুকতে বাধা দেন কর্মকর্তারা।
এরপরর বিকালে অফিসার্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করে দাবি আদায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস গভর্নর।এর পরপরই সভা-সমাবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করা হয়।
৮ম জাতীয় বেতন কাঠামোর গেজেটে বাংলাদেশ ব্যাংককে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা আলাদাভাবে উল্লেখ করা, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সর্বোচ্চ পদ ‘নির্বাহী পরিচালক’ পদকে জাতীয় বেতন স্কেলে ১ম গ্রেডে উন্নীত করা এবং সহকারী পরিচালক হিসেবে প্রবেশ পদ জাতীয় বেতন স্কেলে ৯ম গ্রেডের পরিবর্তে ক্যাডার সার্ভিস ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো ৮ম গ্রেডে নির্ধারণের দাবি আদায়ের লক্ষ্যে গত ২২ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত একটি আলটিমেটাম দেওয়া হয়। ওই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যলায়ের মূল ফটক বন্ধ রেখে ‘গেইট গ্যাদারিং’ কর্মসূচি পালন করার কথা রয়েছে।
১৪ জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব না এলে ১৫ জানুয়ারি থেকে গণছুটি, পূর্ণ কর্মবিরতি, ক্যাশ কার্যক্রম বন্ধ রাখা, পেমেন্ট সিস্টেমস বন্ধ রাখা, ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ রাখা, আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট আইটি ব্যবস্থা বন্ধ রাখা ও সিআইবি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
