নারীকর্মীর সঙ্গে আত্মীয় পুরুষেরও সুযোগ সৌদিতে
বাংলাদেশ থেকে প্রতিজন নারী কর্মীর সঙ্গে তার নিকট আত্মীয় একজন পুরুষকেও নিতে রাজি হয়েছে সৌদি আরব।
এই দুজনের কারোরই সৌদি আরবে যেতে খরচ লাগবে না। যে প্রতিষ্ঠান তাদের নিয়োগ দেবে, সেই প্রতিষ্ঠানই খরচ বহন করবে।
বাংলাদেশ থেকে পুরুষ শ্রমিক নিতে বাধা মধ্যপ্রাচ্যের দেশটির তুলে নেওয়ার পর বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
সৌদি আরবে সাম্প্রতিক সফরে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশ থেকে তারা দুই লাখ নারী শ্রমিক নিতে চেয়েছে। আমি বলেছি, নারী কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা দরকার। এজন্য তাদের (নারীকর্মী) সঙ্গে নিকট আত্মীয় পুরুষ একই সাথে আসার সুযোগ পেলে নারীদের জন্য সুবিধা। সৌদি আরব বিষয়টিতে একমত হয়েছে।
“এজন্য এখন বাংলাদেশ থেকে একজন নারী সৌদি আরবে গেলে তার সঙ্গে একজন পুরুষও যেতে পারবেন। ওইসব পুরুষদের ড্রাইভার, মালী, সুপারভাইজার, গার্ড এর চাকরি হবে। এজন্য তাদের কোন খরচ লাগবে না। যে প্রতিষ্ঠান নেবে তারাই খরচ বহন করবে।”
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, দুই দেশের মন্ত্রণালয়ের একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ এ নিয়ে কাজ করছে।
“এই ওয়ার্কিং গ্রুপ ঠিক করবে কবে থেকে এসব শ্রমিক যাওয়া শুরু হবে। আর এই শ্রমিকদের নির্বাচনের কাজও করবে এই ওয়ার্কিং গ্রুপ।”
২০১৫ সাল শেষে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের চিত্র তুলে ধরতে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আবুল কালাম জানান, ২০১৫ সালে প্রবাসে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে, যা ২০১৪ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। আগের বছর কাজ নিয়ে বিদেশে গিয়েছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন।
২০১৫ সালে ১ লাখ ৩ হাজার ৭০৭ জন নারী কাজ নিয়ে বিদেশে গেছেন, তা ২০১৪ সালের তুলনায় ৩৬ দশমিক ৪৪ শতাংশ বেশি। ২০১৪ সালে ৭০ হাজার ৭ জন নারী কর্মী বিদেশ গিয়েছিলেন।
গত বছর সবচেয়ে বেশি কর্মী গেছেন ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। নারী কর্মী বেশি গেছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, ওমান ও লেবাননে।
কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সবচেয়ে বেশি জনশক্তি প্রবাসে যাচ্ছে বলে জানান উপ-সচিব।
২০১৫ সালে দক্ষ কর্মী যাওয়ার হারও বেড়েছে বলে তিনি জানান।
বিদায়ী বছর কাজ নিয়ে বিদেশে যাওয়া মোট সংখ্যার ৩৯ ভাগ দক্ষ জনশক্তি। আর আধাদক্ষ ১৭ ভাগ, স্বল্প দক্ষ ৪৪ ভাগ। ২০১৪ সালে দক্ষ জনশক্তি যাওয়ার হার ছিল ৩৪ দশমিক ৯৫ শতাংশ।
মন্ত্রী বলেন, আগামীতে প্রবাসে জনশক্তি রপ্তানি আরও সহজ করার কাজ চলছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। আশা করছি, এবছর বিদেশে কর্মসংস্থান আরও বাড়বে।
“তবে আমরা যেসব জেলার লোক প্রবাসে কম গেছে সেখান থেকে বেশি লোক পাঠানোর চেষ্টা করবো। কারণ সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সমউন্নয়নের নির্দেশনা রয়েছে।”
মালয়েশিয়া সমস্যা
মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর জটিলতা এখনও কাটেনি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এজন্য মালয়েশিয়াকেই দায়ী করেছেন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, “মালয়েশিয়া কিছু সিলেকটেড প্রতিষ্ঠানের মাধ্যমে লোক নিতে চায়। তাদের এই প্রস্তাব মেনে নেওয়ার এখনও সময় হয়নি। এতে যারা যাবেন তাদের যাওয়ার খরচ বেড়ে যেতে পারে।”
তবে আলোচনা চলছে জানিয়ে শিগগিরই এর সমাধান আশা করছেন মন্ত্রী।
ছিটবাসীদের প্রবাসে যাওয়ার সুযোগ
সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীদের প্রবাসে যাওয়ার সুযোগ করে দিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি কার্যকর হওয়ায় গত বছর দুই দেশের ছিটমহলগুলো বিনিময় হয়, এতে ভারতের ছিটমহলগুলোতে থাকা ৪১ হাজার মানুষ বাংলাদেশের নাগরিক হয়েছেন।
মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের কুড়িগ্রাম প্রশিক্ষণ কেন্দ্রে এবছর শুধু বিলুপ্ত ছিটবাসীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে।”
প্রশিক্ষিত এই ছিটমহলবাসীর ১০০ জনকে জর্ডানে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সচিব।
প্রবাসী সিআইপি নীতিমালায় পরিবর্তন আসছে
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী বাংলাদেশীদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচন নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
এতদিন সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ১০ জনকে সিআইপি ঘোষণা করা হত।
২০১৫ সাল থেকে তিন শ্রেণিতে মোট ৯০ জনকে সিআইপি ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এদের মধ্যে ৫০ জন হবেন সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী। যেসব প্রবাসী দেশের শিল্প খাতে সর্বাধিক বিনিয়োগ করছেন, তাদের মধ্য থেকে ২০ জন হবেন সিআইপি। বাকি ২০ জন হবেন প্রবাসী আমদানিকারক, যারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করবেন।
