অলস অর্থ বিনিয়োগে বড় শিল্প চায় ব্যাংকগুলো
অতিরিক্ত তারল্যের বিনিয়োগ নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো ও কেন্দ্রীয় ব্যাংক দুই ধরনের অবস্থান নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক চায়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অতি ক্ষুদ্র শিল্প ও কৃষি খাতে এই অলস অর্থ বিনিয়োগ হোক।
বাণিজ্যিক ব্যাংকগুলো প্রকৃত শিল্প খাতে বিনিয়োগের সুযোগ বাড়ানোর পরিবেশ সৃষ্টি করার দাবি জানাচ্ছে।
তারা বলছে, অতিরিক্ত তারল্য বিনিয়োগের জন্য প্রকৃত শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তা না আসলে ব্যাংকের অতিরিক্ত তারল্য বিনিয়োগ সম্ভবপর নয়।
উদ্যোক্তাদের বিনিয়োগে আসার জন্য শিল্পের জমি ও জ্বালানি সঙ্কট দূর করা, সড়ক অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করছেন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা।
মঙ্গলবার ব্যাংকার্স সভায় (বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সভা) ব্যাংক খাতের অতিরিক্ত তারল্য বিনিয়োগ নিয়ে এই দুই ধরনের মত আসে।
বর্তমানে ব্যাংক খাতে এক লাখ কোটি টাকার বেশি অতিরিক্ত তারল্য রয়েছে বলে বাণিজ্যিক ব্যাংকগুলোর দাবি। যদিও অতিরিক্ত তারল্যের এ পরিমাণ নিয়ে দ্বিমত রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
সভা শেষে ব্যাংকগুলোর নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান সাংবাদিকদের বলেন, “গতবছর এক ধরনের অস্থিরতা ছিলে। এবছর আশার বছর। ব্যাংকের অতিরিক্ত তারল্য যা আছে, সেটি আমাদের চিন্তার বিষয়।
এখন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু অস্থিরতা রয়েছে বলে মন্তব্য করেন আনিস খান।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, “অতিরিক্ত তারল্য যা আছে, তা দিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, অতি ক্ষুদ্র শিল্পে ও কৃষিতে বিনিয়োগ বাড়াতে বলেছি আমরা। এতে বিনিয়োগ খরা কাটবে, পাশাপাশি বিনিয়োগ সর্বসাধারণের কাছে পৌঁছাবে।”
বৈঠকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বিপরীতে গৃহনির্মাণ ঋণ দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে তাতে আপত্তি রয়েছে ব্যাংকারদের। তারা বলছেন, অধিকাংশ মুক্তিযোদ্ধার বয়স ৬০ বছরের উপরে। ফলে ঋণ দিলে তা ফেরত পাওয়াটা অনেকটা কঠিন হবে।
সুর চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলের স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল কিনতে ঋণ দিতেও বলেছেন তারা।
“এছাড়া আমদানি ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তির তথ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে। কেন এমন পার্থক্য হচ্ছে, সেটা খতিয়ে দেখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।”
ব্যাংকগুলোর খেলাপি ঋণ বিষয়ক মামলা বা সমস্যা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে সমাধানের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে এবিবি।
এবিবি চেয়ারম্যান বলেন, “মামলায় ব্যাংক খাতের অনেক ঋণ আটকে আছে। কোর্টে অনেক সময় লাগে। এজন্য আমরা আরব্রিট্রেশনের মাধ্যমে সমাধানের প্রস্তাব করেছি।”
এছাড়া নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডার থেকে গ্রাহকের তথ্য যাচাইয়ের ফি কমানোর আবেদনও করেছে এবিবি।
“ইসির তথ্য ভাণ্ডার থেকে তথ্য যাচাই করতে এখন প্রতি ক্লিকে ২ টাকা দিতে হয়। আমরা এটি কমিয়ে ৫০ পয়সা করার প্রস্তাব করেছি। এজন্য এবিবির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠিও দিয়েছি,” বলেন আনিস খান।
