২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ১৪ প্রতিষ্ঠানকে অনুদান

দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১৪টি প্রতিষ্ঠানকে তিন কোটি পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:16 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার এসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে গভর্নর আতিউর রহমান এই অনুদানের চেক হস্তান্তর করেন বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুদান পাওয়া ১৪ প্রতিষ্ঠান হচ্ছে- বাংলাদেশ পৌষ, অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, ই-এডুকেশন বাংলাদেশ, সাপ্তাহিক শিক্ষাবিচিত্রা, অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল, বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎ চৌধুরী ফাউন্ডেশন, রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল, অন্বেষণ, বস, এএসওডি ও উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি।

এসব প্রতিষ্ঠানকে ২০১৫-১৬ অর্থবছরের মধ্যে এই অনুদানের অর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করতে হবে।

বিবৃতি বলা হয়, প্রতিষ্ঠানগুলোর আর্থিক অন্তর্ভুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিসহ নানা ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করে।  

সামজিক দায়বদ্ধতার কর্মসূচি পালনের জন্য প্রতি বছরের মুনাফা থেকে পাঁচ কোটি টাকা অনুদান নিয়ে একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থায়নের মাধ্যমে সামাজিক উন্নয়নের কাজ করা হয়।

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক মুনাফা থেকে ১০ কোটি টাকা করে অনুদান নেওয়া হচ্ছে ওই তহবিলে।

এ তহবিল থেকে ২০১৩-১৪ অর্থবছরে ১৪টি প্রকল্পে মোট পাঁচ কোটি দুই লাখ এবং ২০১৪-১৫ অর্থবছরে পাঁচ কোটি ১৩ লাখ টাকা বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।

চেক হস্তান্তরের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ অনুদানপ্রাপ্ত ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।